ফুটবল বিশ্বকাপ ঘিরে ঢাবিতে উৎসবের আমেজ

ফাইয়াজ উদ্দিন স্মরণ

শিক্ষা

চার বছর পরপর অনুষ্ঠিত হওয়া ফুটবল বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া আসর নয়, এটি বিশ্বজুড়ে কোটি মানুষের আবেগ, উন্মাদনা ও উৎসবের

2026-06-13T04:10:10+00:00
2026-06-13T04:10:10+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
শিক্ষা
ফুটবল বিশ্বকাপ ঘিরে ঢাবিতে উৎসবের আমেজ
ফাইয়াজ উদ্দিন স্মরণ
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৪:১০ এএম   (ভিজিট : ৫১)
সংগৃহীত ছবি
চার বছর পরপর অনুষ্ঠিত হওয়া ফুটবল বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া আসর নয়, এটি বিশ্বজুড়ে কোটি মানুষের আবেগ, উন্মাদনা ও উৎসবের নাম। বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশেও তৈরি হয় ভিন্নমাত্রার উচ্ছ্বাস, যার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্বকাপকে স্বাগত জানিয়ে ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দলের সমর্থকরা প্রিয় দলের পতাকা, ব্যানার, জার্সি, খেলা দেখা ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পাসকে করে তোলেন উৎসবমুখর। গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ থাকলেও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) ছিল ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে মুখরিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ ক্যাম্পাসের বেশ কয়েকটি স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা‌ও করা হয়েছে। এ ছাড়া হলে হলে টাঙানো হয়েছে বিভিন্ন দলের পতাকা, গঠন করা হয়েছে হলভিত্তিক, ব্যাচভিত্তিক, সেশনভিত্তিক ও ডিপার্টমেন্টভিত্তিক বিভিন্ন দলের সমর্থকগোষ্ঠীও ঘোষণা করা হয়েছে কমিটি। 

পাঁচ স্থানে বড় পর্দায় বিশ্বকাপ দেখাচ্ছে ছাত্রদল :
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে শিক্ষার্থীদের উন্মাদনা আরও প্রাণবন্ত করে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি স্থানে বড়পর্দায় খেলা দেখানোর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

জাতীয়তাবাদী ছাত্রদলের সহায়তায় এবং সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি জায়গায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। বৈরী আবহাওয়া ও স্ক্রিন সেটআপ-সংক্রান্ত কারণে উদ্বোধনী ম্যাচ টিএসসি ও জগন্নাথ হলে দেখানো হলেও পরবর্তী ম্যাচেগুলো পাঁচটি স্থানে দেখানো হবে বলে আশাবাদী আয়োজকরা। 
আরও পড়ুন

বড়পর্দায় খেলা দেখানোর জন্য নির্ধারিত স্থানগুলো হলো- টিএসসি, হলপাড়া, (কবি জসীমউদদীন হল মাঠ) শহীদুল্লাহ হল মাঠ, জগন্নাথ হল মাঠ ও মুহসিন হল।

জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দফতর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী দৈনিক সময়ের আলোকে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে‌ই এই আয়োজন করা হয়েছে। আমরা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছি আর কি। উদ্বোধনী ম্যাচ টিএসসি ও জগন্নাথ হলে খেলা দেখানো হয়েছে। আজ থেকে শহিদুল্লাহ হল মাঠেও চালু করা হবে। তবে হলপাড় ও মুহসীন হলের মাঠে বৃষ্টির কারণে পানি জমে আছে এখনও। তাই সেটআপ দিতে একটু সময় লাগছে। খুব দ্রুত সব চালু হবে বলে আশাবাদী। 

বিশ্বকাপ ঘিরে ডাকসুর আয়োজন : ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) তিনটি ভিন্নধর্মী আয়োজনের উদ্যোগ নিয়েছে। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ফুটবলপ্রেমীদের জন্য ভিসি চত্বরে জায়ান্ট স্ক্রিনে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে সবাই একসঙ্গে বসে খেলা উপভোগ করতে পারবেন। 

এ ছাড়া আগামী ১৬ জুন মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ডাকসু প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিল : রম্য বিতর্ক’, যেখানে ফুটবল বিশ্বের দুই জনপ্রিয় দলের সমর্থকরা অংশ নিয়ে বিশ্বকাপের উত্তেজনাকে আরও প্রাণবন্ত করে তুলবেন। 

একই সঙ্গে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী ফ্যান এনগেজমেন্ট প্রোগ্রাম। এই আয়োজনে থাকবে ফুটবলভিত্তিক বিভিন্ন গেম, কুইজ, ফটো কর্নার, সাংস্কৃতিক পরিবেশনা, পুরস্কার বিতরণ এবং বিশেষ অতিথিদের অংশগ্রহণ। ইতিমধ্যে দেশের জাতীয় নারী ফুটবল দলের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা শিক্ষার্থীদের উৎসাহিত করতে অনুষ্ঠানে অংশ নিয়েছেন। 

বিভিন্ন দলের সমর্থকগোষ্ঠীর কমিটি গঠন : ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ইতিমধ্যে‌ই বিভিন্ন দলের সমর্থকগোষ্ঠীরা সামাজিকমাধ্যমে চালাচ্ছেন নানা প্রচার কার্যক্রম। এমনকি গঠন করা হয়েছে কমিটি। দেখা মিলেছে হলভিত্তিক, ব্যাচভিত্তিক, সেশনভিত্তিক ও ডিপার্টমেন্টভিত্তিক কমিটি‌ও। এসব সমর্থকগোষ্ঠীর মধ্যে আলোচনায় রয়েছে ‘ব্রাজিল ঐক্য পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়’ ও ‘আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠী’।

‘আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠী’র একটি সংক্ষিপ্ত কমিটি গঠন করা হয় যেখানে প্রধান উপদেষ্টা করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মিসবাহ উদ্দিন। আগামী ১৪ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে ইতিমধ্যেই ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রাজিল ঐক্য পরিষদ’- এর মিশন হেক্সা, ৩০০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়েছে। এখানে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ক্যামেলিয়া হাসান শশী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আবিদুর রহমান মিশু। এ ছাড়া অন্যান্য দলের সমর্থকরাও তাদের অনুসারীদের নিয়ে সমর্থকগোষ্ঠী গঠন করেছেন। 

আয়োজনের কেন্দ্রবিন্দুতে টিএসসি :
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আরও কয়েকটি স্থানে খেলার আয়োজন করা হলেও ফুটবলপ্রেমীদের কাছে পরিচিত স্থান টিএসসি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে খেলা উপভোগ করেন। ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হন হাজারো ফুটবলপ্রেমী। এ ছাড়া টিএসসিতে টাঙানো হয়েছে আর্জেন্টিনা দলের বড় পতাকা।‌ অন্যান্য দলের সমর্থকরাও পতাকা টাঙানোর প্রস্তুতি নিচ্ছেন।

টিএসসিতে উদ্বোধনী ম্যাচ দেখতে আসা ব্রাজিল সমর্থক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘আমার টিম ব্রাজিল ভালো খেলুক আর খারাপ খেলুক ব্রাজিল সারা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু- এটাই আমাদের জন্য গর্বের। অন্য দল নিয়ে মাথা ঘামাই না, অন্য কোন দল কীভাবে খেলবে এটা ভেবে সময় নষ্ট করতে চাই না। যারা ব্রাজিলের সমর্থক না তাদের‌ও আলোচনার কেন্দ্রবিন্দু ব্রাজিল।’

অন্যদিকে আর্জেন্টিনা সমর্থক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘ব্রাজিল ফ্যানদের উদ্দেশ্যে আমাদের বার্তা হলো ব্রাজিলের সাত গোল খাওয়ার যে ইতিহাস রয়েছে সেটি আবার পুনরাবৃত্তি না ঘটুক। ব্রাজিল অন্তত যেন সম্মানের সঙ্গে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলতে পারে একজন আর্জেন্টিনা ফ্যান হিসেবে এই কামনা করি।

হলে হলে পতাকা ব্যানার টাঙানোর উৎসব : ফুটবল বিশ্বকাপ আসার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যেন পতাকা ও ব্যানার টাঙানো উৎসবে পরিণত হয়। প্রতিটি দলের সমর্থকগোষ্ঠী তাদের অবস্থা জানান দিতেই কে কত বড় পতাকা তৈরি করে টাঙাতে পারে এমন প্রতিযোগিতা চলে নিজেদের মধ্যে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের মূল ফটক দখল করেছে আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠী। তারা মূল ফটকের দুই পাশেই আর্জেন্টিনার পতাকা টাঙিয়েছে। এ ছাড়া স্যার এ এফ রহমান হলের মূল ফটকের দখলে আছে আর্জেন্টিনার দুটি বড় ব্যানার।

তবে ব্রাজিল সমর্থকরাও সেই হলে বড় ব‌্যানার টাঙিয়েছে। অন্যদিকে ফজলুল হক মুসলিম হলে বাদ জুমা ব্রাজিল সমর্থকগোষ্ঠীর একাংশ ব্রাজিলের পতাকা প্রদর্শন করেন। এ ছাড়া বিভিন্ন হলে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীর পাশাপাশি অন্যান্য দলের সমর্থকরা অবস্থান জানান দেন। 

বিশ্বকাপের আগাম পূর্বাভাস ঢাবি অধ্যাপকের :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (আইএসআরটি) অধ্যাপক ড. মো. হাসিনুর রহমান খান ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ১০৪টি ম্যাচের পূর্ণাঙ্গ পূর্বাভাস প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত এই আসরের শুরু থেকে শেষ পর্যন্ত সম্ভাব্য প্রতিটি ধাপের ফল তুলে ধরা হয়েছে তার প্রকাশিত পূর্বাভাস সিটে।

গত ১০ জুন তিনি তার ২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ পূর্বাভাসটি প্রকাশ করেন তার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া ফেসবুকে।‌ তার প্রকাশিত ২০২৬ বিশ্বকাপের পূর্বাভাস অনুযায়ী, এবারের বিশ্বচ্যাম্পিয়ন হবে স্পেন। ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা। পূর্বাভাস অনুযায়ী, ১৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠেয় অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ফাইনালে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতবে স্পেন। প্রথম সেমিফাইনালটিতে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে এবং স্পেনের কাছে হেরে ফ্রান্স সেমিফাইনাল থেকে বিদায় নেবে। দ্বিতীয় সেমিফাইনালটিতে ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি হবে এবং আর্জেন্টিনার কাছে হেরে ব্রাজিল সেমিফাইনাল থেকে বিদায় নেবে। তৃতীয় স্থান নির্ধারণি ম্যাচে ফ্রান্স ব্রাজিলকে পরাজিত করে তৃতীয় স্থান দখল করবে। ব্রাজিল হবে চতুর্থ।

এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপ শুরুর আগেই ড. হাসিনুর রহমান খান তার সাবজেক্টিভ প্রবাবিলিটিভিত্তিক ৬৪টি ম্যাচের ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছিলেন ২০ নভেম্বর ২০২২। সেখানে তিনি শতভাগ সঠিকভাবে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন, ফ্রান্সকে রানার-আপ এবং এই দুই দলকেই ফাইনালিস্ট হিসেবে চিহ্নিত করেছিলেন। বিশ্বকাপ শেষে তার সেই পূর্বাভাসের সঙ্গে বাস্তব ফলাফলের অসাধারণ মিল দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এএডি/


  বিষয়:   ফুটবল  বিশ্বকাপ  ঢাবি  উৎসব  আমেজ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: