দেশের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার সম্ভাবনা থাকায় ১১ জেলার নদীবন্দরকে সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, শনিবার (১৩ জুন) সকাল ৯টার মধ্যে এসব এলাকায় দমকা হাওয়া, ঝড়ো বাতাস এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে নৌযান ও নৌপথ ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
এদিকে দিনের আবহাওয়ার পূর্বাভাসে দেশের আরও বিস্তৃত এলাকায় বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের বিচ্ছিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা এবং বজ্রপাতপ্রবণ এলাকায় সতর্ক থাকার প্রয়োজন হতে পারে।
এএডি/