পুলিশের আন্তরিকতায় ৩৫ হাজার টাকাসহ ব্যাগ ফেরত পেলেন স্বল্প আয়ের মানুষ আল-আমীন (৩০)।
শুক্রবার (১২ জুন) জামালপুরে এ ঘটনা ঘটে।
ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে স্বল্প আয়ের কাজ করা আল-আমীন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বাসিন্দা।
শুক্রবার সকালে ঢাকা থেকে গফরগাঁও যাওয়ার সময় দেওয়ানগঞ্জ কমিউটার এক্সপ্রেস ট্রেনের ‘গ’ বগিতে ভুলবশত তার টাকার ব্যাগটি রেখেই গফরগাঁও রেলওয়ে স্টেশনে নেমে পড়েন। কিছুক্ষণ পর তার মনে হয়, কষ্টার্জিত আয়ের ৩৫ হাজার টাকাসহ ব্যাগটি ট্রেনের বগিতেই রয়ে গেছে। ততক্ষণে ট্রেন গফরগাঁও স্টেশন ছেড়ে জামালপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এ সময় হতবিহ্বল আল আমীন স্টেশন প্ল্যাটফর্মে ছুটে আসেন এবং কান্নাকাটি শুরু করেন। পরে উপস্থিত যাত্রীদের পরামর্শে, গফরগাঁও রেলওয়ে থানার মাধ্যমে জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলামকে ফোনে বিষয়টি জানান।
পরে ওসি রবিউল ইসলাম পুলিশ ফোর্স নিয়ে জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে ট্রেনটির জন্য অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে প্রবেশ করলে, আল আমীনের দেওয়া তথ্য অনুযায়ী ‘গ’বগি থেকে ব্যগটি উদ্ধার করে পুলিশ।
ওসি মো. রবিউল ইসলাম বলেন, ‘ঘণ্টাখানেক পর আল আমীন আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনযোগে জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে যাচাই বাছাই শেষে থানায় একটি ডায়েরি করা হয়। তারপর টাকাসহ ব্যাগটি আল আমীনের হাতে তুলে দেই।’
আল আমীন আবেগাপ্লুত হয়ে বলেন, ‘টাকার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম।’ পরে তিনি ওসি রবিউল ইসলামকে ধন্যবাদ জানান।
/মহু