নওগাঁর মহাদেবপুরে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোলাইমান আলী (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ফরমানপুর গ্রামে দুর্ঘটনা ঘটে।
সোলাইমান আলী কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে ও হাতুড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
সোলাইমান বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মহাদেবপুর আসার সময় ফরমানপুর নামক স্থানে পৌঁছালে একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, সম্পাদক আব্দুল মতিন মণ্ডলসহ বিএনপি পরিবার গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অপর দিকে সকালে হাঁটতে বেড়িয়ে ইসমাইল হোসেন বাটুল (৬৮) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়ে রামেকে চিকিৎসাধীন রয়েছেন। ইসমাইল হোসেন বাটুল এনায়েতপুর গ্রামের মৃত আসমত আলী সরদারের ছেলে।
সকাল সাড়ে ৬টার দিকে মহিষবাথান মোড়ে একটি আমবাহী পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সময়ের আলো/জোই-