ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মাঠের কাজ করার সময় বজ্রপাতে কামরুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার নেপা ইউনিয়নের মাইলবাড়িয়া বসতিপাড়া গ্রামের ঘোনার মাঠে এই দুর্ঘটনা ঘটে।
কামরুল ইসলাম ওই গ্রামের সিরাজ ভুট্টোর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে কামরুল ইসলাম নিজের জমিতে আমন ধান রোপণের জন্য কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং তীব্র বজ্রপাত হয়। বজ্রপাতের সরাসরি আঘাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে আশেপাশের জমির চাষিরা ও স্থানীয় বাসিন্দারা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
আরও পড়ুন
নেপা ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কামরুল ইসলামের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন এবং পুরো এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান জানান, বিষয়টি শুনেছি। আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই