বিগত সরকার শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে : শিক্ষামন্ত্রী

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জাতীয়

বিগত সরকার শিক্ষকদের কল্যাণ, ট্রাস্ট ও উৎসব ভাতার প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছেন শিক্ষা ও

2026-06-13T21:20:40+00:00
2026-06-13T21:20:40+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
জাতীয়
বিগত সরকার শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে : শিক্ষামন্ত্রী
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:২০ পিএম   (ভিজিট : ১৯)
শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। ছবি : সময়ের আলো
বিগত সরকার শিক্ষকদের কল্যাণ, ট্রাস্ট ও উৎসব ভাতার প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশের লক্ষ্যে নবনির্মিত ‘বিশ্বেশ্বর পোদ্দার’ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, আমাদের লক্ষ্য বাংলাদেশকে একটি শিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলা। প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। শিক্ষার্থীদের সেশনজটমুক্ত শিক্ষা নিশ্চিত করতে এসএসসি পরীক্ষা কিছুটা এগিয়ে আনা হয়েছে। সিলেবাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার সঙ্গে সমন্বয় করে ১৮ বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার ব্যবস্থা করা হবে।

তিনি জানান, ২০২৭ সালে পাঠ্যপুস্তক পরিমার্জন এবং ২০২৮ সালে জাতীয় শিক্ষাক্রমে ব্যাপক পরিবর্তন আনা হবে। বিশ্বায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে।

মন্ত্রী আরও বলেন, শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের লক্ষ্যে একটি নীতিমালা প্রণয়ন করে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে। আগামী জুলাই থেকে সারাদেশে মিড-ডে মিল কর্মসূচি চালু করা হবে। শিক্ষা শুধু জিপিএ-৫ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষাকে আনন্দময় ও সৃজনশীল করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এবার নতুন শিক্ষাবর্ষের বই বিতরণে আর কোনো বিলম্ব হবে না। পরীক্ষা শেষ হওয়ার পর ডিসেম্বর মাসের মধ্যেই সব পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। শিক্ষার মানোন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালু করা হবে। এর মাধ্যমে শিক্ষকদের পাঠদান কার্যক্রম সরাসরি শিক্ষা মন্ত্রণালয় থেকে পর্যবেক্ষণ করা হবে।

আরও পড়ুন


সোনারগাঁয়ের শিক্ষা উন্নয়নের প্রসঙ্গে বলেন, সোনারগাঁয়ের বন্দরে স্থাপনের পরিকল্পনা থাকা পলিটেকনিক ইনস্টিটিউট এখন সোনারগাঁয়ে নির্মিত হবে। এছাড়া স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১০০ বিঘা জমি দেওয়ার ঘোষণা দিয়েছেন। শিক্ষানীতির আলোকে বিষয়টি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপি, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম।

এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান ভুঁইয়া মাসুম, যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ফিতা কাটা ও দোয়ার মাধ্যমে ‘বিশ্বেশ্বর পোদ্দার’ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে।

সময়ের আলো/জোই


  বিষয়:   সরকার  শিক্ষক  আত্মসাৎ  শিক্ষামন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: