সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই জামায়াতে ইসলামী ষড়যন্ত্রমূলকভাবে শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানের অপহরণ নাটক সাজিয়েছেন বলে দাবি করেছেন দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির নেতারা।
শনিবার (১৩ জুন) উপজেলার শহীদনগর এমএ জলিল উচ্চ বিদ্যালয় মাঠে এবং পৌর সদরে আয়োজিত পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় দলটির জ্যেষ্ঠ নেতারা একথা বলেন।
তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন দ্রুত উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, তখন জামায়াত এই বানোয়াট নিখোঁজ নাটক তৈরি করেছে।
দাউদকান্দি থানার বীরবাগ গোয়ালী গ্রামের বাসিন্দা জিসান মিয়ার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক বিধবাকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত ঘটিয়ে ভ্রূণ নষ্ট করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এ জঘন্য কেলেঙ্কারি ও আইনি দায় থেকে বাঁচতেই জিসান স্বেচ্ছায় গা ঢাকা দিলে পরে লাকসাম থেকে পুলিশ তাকে উদ্ধার করে, বলেও দাবি করেন তারা।
স্বেচ্ছায় এই পালিয়ে যাওয়ার ঘটনাকে অপহরণ হিসেবে চালিয়ে দেওয়া জামায়াতের অপপ্রচার এবং তা সুস্থ ধারার রাজনীতির পরিপন্থী বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। পাশাপাশি এই শিবির নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
উপজেলার শহীদনগরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম মন্তব্য করেন, বর্তমান সরকারের সুনাম নষ্ট করতে জামায়াত নানামুখী দুরভিসন্ধিমূলক রাজনৈতিক অপতৎপরতা ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো প্রয়োজন।
দাউদকান্দি পৌর সভায় পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী জানান, ফ্যাসিস্ট হাসিনার রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে দেশকে দ্রুতই উন্নয়নের দিকে নিয়ে যেতে এবং মানুষের প্রত্যাশা পূরণ করতে নিরলসভাবে কাজ করছে সরকার। শিবির নেতা জিসানের এই ছলচাতুরীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, এনামুল হক সফর তালুকদার, পৌর বিএনপির সদস্য সচিব কাউছার আলম সরকার, সালাহউদ্দিন ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম সরকার, সদস্য সচিব মো. রোমান খন্দকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবদুল বাছেদ ও সদস্য সচিব রিমন খন্দকার,পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল মিয়া প্রমুখ।
এই ঘটনার প্রতিবাদে এবং শিবির নেতা জিসান প্রধানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দির বিটেশ্বর ইউনিয়নের নৈইয়ার, ইলিয়টগঞ্জ উত্তর ও ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল হয়।
সময়ের আলো/আতা