অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় দলকে দুই কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শনিবার (১৩ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।
গত বৃহস্পতিবার (১১ জুন) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ডিএলএস পদ্ধতিতে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচেও ৮৬ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা। ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ইতিহাস গড়ে স্বাগতিকরা।
বৃষ্টির কারণে ম্যাচের ওভারসংখ্যা কমে এলেও ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে। তাওহীদ হৃদয়ের ৫৫ বলে ৪০ রানের দায়িত্বশীল ইনিংস এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অপরাজিত ২২ রানে ভর করে ৩৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় দল।
অস্ট্রেলিয়ার দেওয়া ১৯১ রানের সংগ্রহকে শুরু থেকেই নিয়ন্ত্রণে রাখে বাংলাদেশের বোলাররা। বিশেষ করে পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিংয়ে সমান তিনটি করে উইকেট শিকার করেন। তানভীর ইসলাম নেন দুটি উইকেট।
মিরপুরের উইকেট সাধারণত স্পিনারদের জন্য সহায়ক বলে পরিচিত হলেও এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্যের মূল চালিকাশক্তি ছিলেন পেসাররা। সিরিজে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায়ও এগিয়ে রয়েছেন ফাস্ট বোলাররা। মুস্তাফিজুর রহমান নিয়েছেন ৫ উইকেট, নাহিদ রানা ও তাসকিন আহমেদের ঝুলিতে ৪টি করে উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস নিয়েছেন ৩ উইকেট।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৪ জুন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি জিততে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের কীর্তি গড়বে বাংলাদেশ।
তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশের দল :
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।
/এসএকে