২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শক্ত অবস্থান তৈরি করল অস্ট্রেলিয়া। গ্রুপ ‘ডি’-এর লড়াইয়ে কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে সকারুজরা।
রোববার (১৪ জুন) ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় তুরস্ক। আক্রমণেও ছিল তারা এগিয়ে, তবে সুযোগ কাজে লাগিয়ে প্রথম হাসি হাসে অস্ট্রেলিয়া। দ্রুত গতির এক কাউন্টার অ্যাটাক থেকে বিশ্বকাপে অভিষিক্ত নেস্টরি ইরানকুন্ডা দলকে এগিয়ে দেন।
মাত্র ২০ বছর বয়সী এই উইঙ্গার চাপের ম্যাচেও ঠাণ্ডা মাথায় ফিনিশিং করেন। তার গোলে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় অস্ট্রেলিয়া।
আরও পড়ুন
দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর চেষ্টা জোরদার করে তুরস্ক। একের পর এক আক্রমণ সাজালেও অস্ট্রেলিয়ার সংগঠিত রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হয় তারা। গোলরক্ষক ও ডিফেন্ডারদের দৃঢ়তায় বারবার ফিরিয়ে দেওয়া হয় প্রতিপক্ষের চেষ্টা।
ম্যাচের ৭৫তম মিনিটে ম্যাচের ভাগ্য প্রায় নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া। বক্সের বাইরে থেকে কনর মেটকাফের নিচু ও জোরালো শট জালে জড়িয়ে গেলে ব্যবধান দাঁড়ায় ২-০। এরপর আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি তুরস্ক।
শেষ দিকে কিছু আক্রমণ চালালেও ফল বদলাতে পারেনি তারা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া এবং নিশ্চিত করে গুরুত্বপূর্ণ একটি ক্লিন শিট।
এই জয়ের ফলে গ্রুপ ‘ডি’-তে তিন পয়েন্ট নিয়ে শক্ত অবস্থানে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে গ্রুপের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ফলে শুরুতেই এই গ্রুপে জমে উঠেছে শীর্ষস্থান দখলের লড়াই।
এএডি/