চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার ফরিদপুর গ্রামে সাইদুর রহমান (৪৮) নামে এক দিনমজুরকে হাত-পা বেঁধে পুকুরে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
শনিবার (১৩ জুন) রাত ১০টার দিকে বন্ডবিল-ফরিদপুর সড়কের পাশের একটি পুকুর থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আলমডাঙ্গা থানা পুলিশ।
সাইদুর রহমান ফরিদপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর ও গাছকাটা শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে এলাকার লোকজন সড়কের পাশের একটি পুকুরে সাইদুর রহমানকে হাত-পা বাঁধা অবস্থায় ছটফট করতে দেখেন। বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হলে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে তাকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সাইদুর রহমানের ভাই টুটুল হাসান জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী মনজিল হোসেনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। সম্প্রতি বাড়ির বিদ্যুৎ সংযোগ নেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। তার দাবি, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন সাইদুর রহমানকে হত্যার উদ্দেশ্যে হাত-পা বেঁধে পুকুরে ফেলে রেখে যায়। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশ কাজ করছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’
পুলিশ জানিয়েছে, সাইদুর রহমানের জ্ঞান ফিরলে তার বক্তব্যের ভিত্তিতে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আরও সহায়তা পাওয়া যাবে। পাশাপাশি, ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে তদন্ত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
/মহু