অবশেষে পূরণ হতে চলেছে নরসিংদীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন। নরসিংদী জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রজ্ঞাপন জারি করেছে সরকার। দীর্ঘদিন ধরে আন্দোলনের পর বর্তমান সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা।
রোববার (১৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন এক প্রজ্ঞাপনে ‘নরসিংদী মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি জারির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ জেলা জুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
মেডিকেল কলেজটি জেলার ঠিক কোন স্থানে স্থাপিত হবে, তা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো জেলা প্রশাসক বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেনি। তবে সংশ্লিষ্ট একটি অসমর্থিত নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জেলা শহরের ভেলানগর এলাকায় অবস্থিত ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের কাছাকাছি ‘দগরিয়া’ এলাকায় এই নতুন মেডিকেল কলেজ ও হাসপাতালটি স্থাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ফলে জেলার ও দেশের মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হবে। একই সঙ্গে এটি জেলার সার্বিক চিকিৎসাসেবার মানোন্নয়ন ও দক্ষ চিকিৎসক তৈরিতে যুগান্তকারী ভূমিকা রাখবে।
এ বিষয়ে আনন্দ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে নরসিংদীবাসী একটি সরকারি মেডিকেল কলেজের দাবি জানিয়ে আসছিল। সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্ত জেলার স্বাস্থ্য ও শিক্ষা খাতে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। আমরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই।
সচেতন মহলের ধারণা, এই মেডিকেল কলেজটি পুরোদমে চালু হলে নরসিংদীসহ আশপাশের জেলাগুলোর সাধারণ মানুষকে আর উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা অন্য কোনো দূরবর্তী স্থানে যেতে হবে না। ঘরের কাছেই মিলবে মানসম্মত আধুনিক চিকিৎসাসেবা।
সময়ের আলো/জোই