কিশোরগঞ্জের নতুন বাজারে ঘণ্টায় বিক্রি হয় ৪০ মণ দুধ

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের নিকলী উপজেলার নতুন বাজার এলাকায় সকাল ৯টার পর থেকে একের পর এক জড়ো হচ্ছে মানুষ। কারও মাথায় অ্যালুমিনিয়ামের কলস,

2026-06-15T16:23:13+00:00
2026-06-15T16:23:13+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
কিশোরগঞ্জের নতুন বাজারে ঘণ্টায় বিক্রি হয় ৪০ মণ দুধ
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:২৩ পিএম   (ভিজিট : ২৬)
নতুন বাজারে দেশীয় গাভির খাটি দুধ বেচাকেনা চলছে। ছবি : সময়ের আলো
কিশোরগঞ্জের নিকলী উপজেলার নতুন বাজার এলাকায় সকাল ৯টার পর থেকে একের পর এক জড়ো হচ্ছে মানুষ। কারও মাথায় অ্যালুমিনিয়ামের কলস, কারও হাতে প্লাস্টিকের জগ কিংবা বালতি। সব পাত্রই ভর্তি গরুর দুধে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাজারটি বসে মাত্র ১ ঘণ্টার জন্য। কিন্তু এই স্বল্প সময়েই বিক্রি হয়ে যায় প্রায় ৪০-৫০ মণ দুধ। শীত মৌসুমে যা কখনও কখনও পৌঁছে যায় ৫০-৬০ মণেও।

সোমবার (১৫ জুন) সকালে প্রতিদিনের মতো মিরহাটি গ্রামের জুয়েল মিয়া মাথায় দুধের কলস নিয়ে বাজারে যাচ্ছিলেন। তার সঙ্গে ছিলেন আরও অনেক খামারি। 

নিকলীর নতুন বাজারকে স্থানীয়রা শুধু একটি বাজার হিসেবে নয়, বরং একটি বিশেষায়িত দুধের হাট হিসেবেই চেনেন। নিকলী উপজেলার আশপাশের অন্তত ১০টি গ্রামের কৃষক ও খামারিরা প্রতিদিন সকালে এখানে আসেন দুধ বিক্রি করতে। তাদের অনেকে নদী পেরিয়ে চরাঞ্চল থেকেও আসেন।


দুধ বিক্রি করতে আসা জুয়েল মিয়া বলেন, ‘এই বাজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর গতি। মাত্র আধা ঘণ্টা থেকে ১ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে যায় সব দুধ।’

তবে এই প্রাণবন্ত বাজারের একটি অস্বস্তিকর দিকও রয়েছে। খামারিদের অভিযোগ, প্রতিদিন সকালে পাইকাররাই মূলত নির্ধারণ করেন দুধের দাম। ফলে অনেক সময় উৎপাদন খরচের তুলনায় কম দামে দুধ বিক্রি করতে বাধ্য হন তারা।

গ্রামীণ অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি খামারিদের জন্য এ ধরনের বাজারের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। কারণ উৎপাদক ও পাইকারের সরাসরি সংযোগ থাকায় দ্রুত বিক্রি হয়ে যায় দুধ। তবে দাম নির্ধারণে খামারিদের অংশগ্রহণ বাড়ানো গেলে আরও লাভবান হবেন তারা।

নিকলী উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) ডা. মো. মাহবুবুল হক জানান, খামারিরা যাতে দুধের আরও ভালো দাম পান, সে লক্ষ্যে একসময় একটি প্রকল্পের আওতায় সেখানে ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার ছিল, যা এখন আর নেই। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্থাপনের উদ্যোগ নেওয়ার মাধ্যমে এই প্রকল্পটির দুধ সংগ্রহ করে জেলা শহর কিশোরগঞ্জ, রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য স্থানে বাজারজাত করার পরিকল্পনা রয়েছে।

/মহু



  বিষয়:   কিশোরগঞ্জ  নতুন বাজার  বিক্রি  দুধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: