মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী, আলোচনায় মেডিকেল কলেজসহ নানা দাবি

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

নতুন সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার সফরে আসছেন। তার আগমনকে কেন্দ্র করে রয়েছে বহুমুখী তৎপরতা।

2026-06-16T13:55:41+00:00
2026-06-16T13:55:41+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সারাদেশ
মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী, আলোচনায় মেডিকেল কলেজসহ নানা দাবি
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১:৫৫ পিএম   (ভিজিট : ০)
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাস্তার সংস্কার কাজ চলছে। ছবি : সংগৃহীত
নতুন সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার সফরে আসছেন। তার আগমনকে কেন্দ্র করে রয়েছে বহুমুখী তৎপরতা। একদিকে প্রশাসনিক ব্যস্ততা ও অন্যদিকে রাস্তাঘাট সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ হচ্ছে। জেলা থেকে গ্রামাঞ্চল পর্যন্ত বিএনপি নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর সমাবেশকে সফল করতে করেছেন বৈঠক, আনন্দমিছিলসহ নানামুখী প্রচার প্রচারণা।

প্রশাসন, বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে মৌলভীবাজার আসবেন। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠ এবং পরে মৌলভীবাজার জেলা সদরে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে কয়েক দিন থেকে জেলাবাসীর মধ্যে নানা রকম আলাপ-আলোচনা শুরু হয়েছে। এতে নতুন করে পুরোনো দাবিগুলো আলোচনাতে ফিরে এসেছে। দীর্ঘদিন থেকে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, প্রবাসীবহুল ও পর্যটন এলাকা হিসেবে শমসেরনগর বিমানবন্দর চালু, জেলার হাওরগুলোর উন্নয়নে প্রকল্প গ্রহণসহ নানা দাবি আলোচনায় এসেছে।


এদিকে মৌলভীবাজারে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মধ্যেও এই সফরকে ঘিরে চলছে আলাপ-আলোচনা। প্রধানমন্ত্রীর আসা-যাওয়ার পথ সিলেট-ফেঞ্চুগঞ্জ-রাজনগর সড়কের ফেঞ্চুগঞ্জ এলাকা থেকে শ্রীমঙ্গল পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার সড়কের দুই পাশের ঝোপঝাড়, আগাছা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। ব্রিজের রেলিং ও জেব্রাক্রসিংগুলোতে নতুন করে রং করা হচ্ছে। সড়কের ভাঙাচোরা অংশ, গর্ত মেরামত করা হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ১৭ জুন বুধবার মৌলভীবাজার সফরকালে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। রাজনগরে ১৫৫ জন এবং শ্রীমঙ্গলে ১৫২ জন উপকারভোগী পরিবারকে তৃতীয় পর্যায়ের পাইলটিং কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচিত প্রতিটি পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা হারে আর্থিক সহায়তা পাবে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কত সুন্দর, ভালো করা যায়, আমাদের সে রকম প্রস্তুতি চলছে।

সময়ের আলো/জোই




  বিষয়:   মৌলভীবাজার  প্রধানমন্ত্রী  মেডিকেল কলেজ  দাবি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: