রাজবাড়ীর গোয়ালন্দ নির্বাচন অফিসের নির্বাচন কর্মকর্তা খবিরুল আলমের ঘুষ বাণিজ্য নিয়ে দৈনিক সময়ের আলোতে সংবাদ প্রকাশিত হওয়ার পর তাকে বদলি করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সেন্ট্রাল ইলেকশন কমিশন স্বাক্ষরিত একটি লিখিত আদেশে তাকে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।
এর আগে, গত বৃহস্পতিবার খবিরুল আলমের ঘুষ বাণিজ্যের গোপন ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ঐ ভিডিওতে দেখা যায়, তিনি তার চেয়ারে বসে এক প্রবাসীকে নতুন ভোটার আইডি করে দেওয়ার কথা বলে ঘুষের টাকা গ্রহণ করছেন।
রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দীন বলেন, ‘খবিরুল আলমের ঘুষ বাণিজ্য নিয়ে সময়ের আলোতে সংবাদ প্রকাশিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে শোকজ করেন। তাকে ৩ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাবদিহি করতে বলা হয়। এ নিয়ে খবিরুল আলম যথাসময়ে লিখিতভাবে শোকজের জবাব দেন। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার লিখিত জবাবে সন্তোষজনক উত্তর না পাওয়ায় তাকে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসে নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করেন।’
সময়ের আলো/মহু