ফুটবল বিশ্বকাপ মানেই আবেগ, উন্মাদনা ও প্রিয় দলকে ঘিরে উৎসবের আমেজ। মাঠের লড়াই শুরুর সঙ্গে সঙ্গে সেই উন্মাদনার ছোঁয়া লেগেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়ও।
উপজেলার মোক্ষপুর ইউনিয়নের কোনাবাখাই-পেঁচপাড়া নতুন বাজার সড়কটি বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দেশের পতাকা দিয়ে সাজানো হয়েছে, যা ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে টাঙানো হয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডসসহ বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের জাতীয় পতাকা। এতে সড়কজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে উড়ছে নানা দেশের পতাকা। ব্রাজিলের হলুদ-সবুজ, আর্জেন্টিনার আকাশি-সাদা কিংবা পর্তুগালের লাল-সবুজ রঙের পতাকা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে। বিশ্বকাপের আবহ ছড়িয়ে পড়েছে গ্রামের প্রতিটি মানুষের মাঝে। এই ব্যতিক্রমী আয়োজন দেখতে ময়মনসিংহসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা।
আয়োজনের উদ্যোক্তা ও ফুটবলপ্রেমী মো. মনিরুজ্জামান সোহাগ বলেন, ‘এখানে বাংলাদেশের ২টি জাতীয় পতাকা ও ফিফার ২টি পতাকাসহ বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দেশের মোট ৫২টি পতাকা টাঙানো হয়েছে। এ ছাড়া রাতে খেলা উপভোগের জন্য টেলিভিশন ও প্রজেক্টরের ব্যবস্থাও রাখা হয়েছে।’
স্থানীয় বাসিন্দা আরিফুজ্জামান ও মো. গোলাম মোস্তফা বলেন, ‘আমাদের গ্রামে এটি একটি ব্যতিক্রমী আয়োজন। এতে যুবসমাজের মধ্যে বিশ্বকাপ নিয়ে আলাদা অনুভূতি সৃষ্টি হয়েছে। পাশাপাশি তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়িয়ে মাদকমুক্ত সমাজ গঠনের বার্তাও দেওয়া হচ্ছে।’
দর্শনার্থী জুলফিকার নিরব বলেন, ‘সকালে ময়মনসিংহ থেকে এখানে এসেছি। বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দেশের পতাকা দিয়ে সড়ক সাজানোর দৃশ্য সত্যিই দারুণ লেগেছে।’
ফুটবলের প্রতি ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এমন আয়োজন প্রশংসা কুড়াচ্ছে সবার।
/মহু