বর্তমান সরকার যেকোনো মূল্যে ব্ল্যাক বেঙ্গলের ঐতিহ্য ফিরিয়ে আনবে বলে মন্তব্য করেছেন, মৎস্য, প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মো. আমিন উর রশিদ। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণের কাজ হাতে নিয়েছে সরকার।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউটের (বিএলআরআই) ছাগল গবেষণাগার পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, প্রতিটি জেলায় একটি করে খামার তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি মহিষের জাত উন্নয়ন ও প্রজনন সংরক্ষণে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।
দুর্ভাগ্যজনকভাবে পরবর্তী সরকারগুলো রাজনৈতিক প্রতিহিংসার কারণে ছাগল সম্প্রসারণ প্রকল্প পরিত্যক্ত ঘোষণা করে। ফলে আমাদের দেশীয় ব্ল্যাক বেঙ্গল ছাগল আজ বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে, বলেও যোগ করেন তিনি।
মন্ত্রী বলেন, গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০০১-২০০৬ মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিল। সে সময় ছাগলের কৃত্রিম প্রজনন, সহজ শর্তে ঋণ প্রদান এবং দরিদ্র নারীদের বিনামূল্যে ছাগল বিতরণের মতো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছিল।
পরিদর্শন শেষে মন্ত্রী প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সমাপনী কর্মশালা এবং নবনির্মিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের উদ্বোধন করেন।
এ সময় এলডিডিপি প্রকল্পে কর্মরত প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ও কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেন। পরে মন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন এবং মহিষ গবেষণা উন্নয়ন প্রকল্পের সমাপনী অনুষ্ঠানেও অংশ নেন।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/আতা