জর্ডানে অনিয়মিত বা অবৈধ অবস্থায় থাকা বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় ধরনের স্বস্তির খবর এসেছে। দেশটির সরকার বিশেষ সাধারণ ক্ষমা (অ্যামনেস্টি) ঘোষণা করায় হাজারো প্রবাসী এখন জরিমানা ছাড়াই দেশে ফেরার কিংবা আইনগতভাবে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন।
জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশটির সরকার বিদেশি শ্রমিকদের অবস্থান ও কর্মসংস্থান সংক্রান্ত জটিলতা নিরসনে এ বিশেষ উদ্যোগ নিয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করা শ্রমিকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে।
নতুন ঘোষণার আওতায় অবৈধ প্রবাসীরা চাইলে কোনো ধরনের আর্থিক জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরে যেতে পারবেন। আবার যারা জর্ডানে থেকে কাজ চালিয়ে যেতে আগ্রহী, তারা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে নিজেদের অবস্থান বৈধ করার সুযোগ পাবেন।
আরও পড়ুন
শুধু বৈধ হওয়ার সুযোগই নয়, কর্মসংস্থানের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ সুবিধা দেওয়া হয়েছে। সাধারণ ক্ষমার আওতায় শ্রমিকরা চাইলে বর্তমান কর্মস্থল পরিবর্তন করে নতুন প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন। গৃহকর্মী হিসেবে নিয়োজিত ব্যক্তিরাও নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করার সুযোগ পাবেন।
এছাড়া ভ্রমণ ভিসায় জর্ডানে প্রবেশ করে বর্তমানে অবস্থানরত ব্যক্তিদের জন্যও সুখবর রয়েছে। তারা চাইলে নিয়ম মেনে ওয়ার্ক পারমিটের আবেদন করে বৈধ শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করতে পারবেন।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সাধারণ ক্ষমার আওতায় প্রাপ্ত সুযোগ-সুবিধা গ্রহণে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিতে তারা প্রস্তুত রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট বাংলাদেশি নাগরিকদের দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
সময়ের আলো/এএডি/