ইসরায়েলি পতাকা ‘ক্ষতিকর’ প্রতীক আখ্যা যুক্তরাষ্ট্রের এলজিবিটিকিউ সংগঠনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলতি মাসে যুক্তরাষ্ট্রের মিশিগানের কালামাজু শহরের একটি এলজিবিটিকিউ প্লাস সংগঠন এক পাবলিক বিবৃতিতে ইসরায়েলের পতাকাকে ‘ক্ষতিকর প্রতীক’ হিসেবে আখ্যায়িত করেছে।

2026-06-18T15:07:43+00:00
2026-06-18T15:07:43+00:00
 
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলি পতাকা ‘ক্ষতিকর’ প্রতীক আখ্যা যুক্তরাষ্ট্রের এলজিবিটিকিউ সংগঠনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৩:০৭ পিএম 
সংগৃহীত ছবি
চলতি মাসে যুক্তরাষ্ট্রের মিশিগানের কালামাজু শহরের একটি এলজিবিটিকিউ প্লাস সংগঠন এক পাবলিক বিবৃতিতে ইসরায়েলের পতাকাকে ‘ক্ষতিকর প্রতীক’ হিসেবে আখ্যায়িত করেছে। প্রাইড উৎসবে আসা দুই স্বেচ্ছাসেবী ইসরায়েলের সমর্থনে পোশাক পরার পর সংগঠনটির পক্ষ থেকে এই বিতর্কিত বিবৃতি দেওয়া হয়। যা নিয়ে বর্তমানে তুমুল আলোচনা-সমালোচনা চলছে।

গত ৬ জুনের ওই প্রাইড উৎসবে কমস্টক টাউনশিপের বাসিন্দা মিশেল জুকোওস্কি-সার্লিন (৬৪) নামের এক নারী ‘স্টার অব ডেভিড’ (ইহুদিদের ধর্মীয় প্রতীক) খচিত একটি পোশাক পরেন। অন্যদিকে তার স্বামী ট্রয় জুকোওস্কি-সার্লিন (৬২) ইসরায়েলি পতাকাযুক্ত একটি টুপি পরে উৎসবের বিয়ার টেন্টে কাজ করছিলেন। এই দম্পতি দুজনেই ইহুদি ধর্মাবলম্বী।

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে যখন বিশ্বজুড়ে তুমুল প্রতিবাদ চলছে, তখন এই প্রাইড উৎসবে ইসরায়েলি প্রতীক পরিধান করায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। ট্রয় জানান, পোশাকের কারণে তারা যেমন ইতিবাচক সাড়া পেয়েছেন, তেমনি তীব্র ‘পাল্টা আঘাত’ বা ক্ষোভের মুখেও পড়েছেন। এমনকি উৎসব চলাকালীন এক ব্যক্তি মিশেলের হাতে একটি চিরকুট দেয়, যাতে লেখা ছিল— তুমি একজন গণহত্যাকারী ও শিশু হত্যাকারী।

ঘটনার তিন দিন পর, উৎসবের মূল আয়োজক সংস্থা ‘আউটফ্রন্ট কালামাজু’ তাদের ফেসবুক পেজে একটি দীর্ঘ বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, স্বেচ্ছাসেবীদের পরিহিত ইসরায়েলি পতাকার উপস্থিতিতে অনেক সাধারণ মানুষ কষ্ট পেয়েছেন, ক্ষুব্ধ ও বিরক্ত হয়েছেন বলে আমাদের জানিয়েছেন। সংগঠনটির সাত অনুচ্ছেদের ওই বিবৃতির শিরোনাম ছিল— কালামাজু প্রাইড ২০২৬-এ ক্ষতিকর প্রতীক সম্বোধন করে আমাদের বিবৃতি।

বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিন এবং লেবানন, সিরিয়াসহ বৃহত্তর লেভান্ট অঞ্চলের সাথে যেসব এলজিবিটিকিউ প্লাস মানুষের পারিবারিক ঐতিহ্য বা জীবনের অভিজ্ঞতা জড়িয়ে রয়েছে, যারা ইসরায়েলি সামরিক অভিযানের শিকার— তাদের কাছে এই প্রতীকগুলো গভীর ট্রমা, চলমান সহিংসতা, উচ্ছেদ এবং প্রাণহানির প্রতিনিধিত্ব করে। আমরা সেই কষ্টকে স্পষ্টভাবে স্বীকার করছি এবং এই যন্ত্রণার জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।

তবে এই ঘটনার পর ইসরায়েলি প্রতীক পুরোপুরি নিষিদ্ধ করা হবে কি-না, তা এখনও চূড়ান্ত হয়নি। আউটফ্রন্ট কালামাজুর নির্বাহী পরিচালক ক্রিস্টোফার টারকোস এক ইমেইল বার্তায় জানান, আমরা আমাদের নির্দেশিকাগুলো পর্যালোচনা করছি যাতে প্রাইড উৎসব এমন একটি জায়গা হিসেবে বজায় থাকে। যেখানে সমস্ত এলজিবিটিকিউ প্লাস ব্যক্তি কোনো ভয় বা পুরনো ট্রমা ছাড়াই অংশ নিতে পারেন। এটি কোনো সংস্কৃতি বা ধর্মকে নিষিদ্ধ করার জন্য নয়, বরং আমাদের লক্ষ্য সবার নিরাপত্তা নিশ্চিত করা।

এদিকে আয়োজকদের এমন বিবৃতিতে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন মিশেল ও ট্রয় দম্পতি। পেশায় সমাজকর্মী মিশেল বলেন, ইহুদি ধর্মের প্রতীকগুলোকে ক্ষতিকর ও ঘৃণ্য বলা স্পষ্টতই ইহুদিবিদ্বেষ।

ট্রয়ের দাবি, প্রগতিশীল মহলে গ্রহণযোগ্যতা পেতে অনেক সময় ইহুদিদের ইসরায়েলের প্রতি সমর্থন লুকিয়ে রাখতে হয়। অথচ মধ্যপ্রাচ্যের মধ্যে একমাত্র ইসরায়েলই এলজিবিটিকিউ প্লাস মানুষের জন্য নিরাপদ স্থান। তিনি মন্তব্য করেন, আপনি যদি সমকামী হয়ে গাজায় যান, তবে আপনাকে হয়তো ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হবে।

চলতি বছর মিশিগানের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এই ঘটনাটি বেশ গুরুত্ব পাচ্ছে। এই শরতেই রাজ্যটিতে নতুন গভর্নর এবং মার্কিন সিনেটর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে ডেমোক্র্যাটদের প্রাথমিক নির্বাচনী লড়াইয়ে ইসরায়েলের প্রতি মার্কিন পররাষ্ট্রনীতির বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ইস্যু হয়ে দাঁড়িয়েছে।


সময়ের আলো/কহু


  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  ইসরায়েল  যুদ্ধ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: