শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রবাস থেকে পাঠানো টাকা ও ওই টাকায় কেনা জমির হিস্যা বুঝে চাইতে গিলে এক প্রবাসী জামাইকে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) নালিতাবাড়ী থানায় ভুক্তভোগীর স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে তার বাবা ও স্বজনদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, বাদলাকুড়া গ্রামের মহর উদ্দিনের মেয়ে মরিয়ম বেগমের সঙ্গে যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে সোরহাব হোসেন বাবুর বিয়ে হয়। সোরহাব হোসেন দীর্ঘ ১৭ বছর প্রবাসে কর্মরত ছিলেন। এ সময়ে তিনি জমি কেনার উদ্দেশ্যে শ্বশুর মহর উদ্দিনকে বিভিন্ন সময়ে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা দেন। পরে আরও প্রায় দেড় লাখ টাকা শ্বশুরকে প্রদান করেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, বৃহস্পতিবার পাওনা টাকা ও জমির হিস্যা বুঝে চাইতে গেলে শ্বশুরের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে শ্বশুরপক্ষের লোকজন তাকে আটক করে শিকল দিয়ে একটি নারিকেল গাছের সঙ্গে বেঁধে মারধর করে।
খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোরহাব হোসেনকে উদ্ধার করে। পরে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার পর চাচা শ্বশুর আসাদ আলীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/এসএকে