হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) বেলা ৩টার দিকে উপজেলার বাদশা কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
নিহত ব্যক্তি জহির মিয়া (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকার বাসিন্দা এবং ফিরোজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জহির মিয়া মোটরসাইকেলযোগে মাধবপুর উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের বাদশা কোম্পানির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং প্রায় আধা ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা সময়ের আলোকে জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার কাজ চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।
সময়ের আলো/জোই