ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. মাহিম শেখের। তার বয়স ছিল মাত্র ১৪ বছর।
শুক্রবার (২০ জুন) বিকেলে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিম দক্ষিণ হারিনা গ্রামের মো. নয়ন শেখের ছেলে। সে পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। ব্রাজিল ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক মাহিম বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে বাড়ির উঠানে আমগাছে কাঁচা বাঁশের সাহায্যে ব্রাজিলের পতাকা টাঙিয়েছিল।
স্থানীয় সূত্র জানায়, বাতাসে বাঁশটি হেলে পড়লে শুক্রবার বিকেলে মাহিম গাছে উঠে বাঁশটি সোজা করার চেষ্টা করে। এ সময় বাঁশটি পাশ দিয়ে যাওয়া ৪৪০ ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। সঙ্গে বিদ্যুতায়িত হয়ে মাহিম গাছ থেকে নিচে পড়ে যায়।
আরও পড়ুনগুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাহিমের আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন এরশাদ বলেন,নর্ম ভদ্র হাসি খুশি হাসিখুশি ছেলেটির অকাল মৃত্যুকে এলাকাবাসী কেউ মেনে নিতে পারছে না।
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/এএডি/