ফিট হয়ে উঠছেন নেইমার

ক্রীড়া ডেস্ক

খেলা

পেশির চোট থেকে ধীরে ধীরে সেরে ওঠার শেষ পর্যায়ে আছেন নেইমার। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ব্রাজিল জাতীয় দলের জার্সিতে তাকে

2026-06-21T03:10:38+00:00
2026-06-21T03:11:31+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
খেলা
ফিট হয়ে উঠছেন নেইমার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৩:১০ এএম  আপডেট: ২১.০৬.২০২৬ ৩:১১ এএম
নেইমারকে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। ছবি : সংগৃহীত
পেশির চোট থেকে ধীরে ধীরে সেরে ওঠার শেষ পর্যায়ে আছেন নেইমার। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ব্রাজিল জাতীয় দলের জার্সিতে তাকে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। গ্রুপপর্বের শেষ ম্যাচেই তাকে মাঠে নামানোর পরিকল্পনা করছেন কোচ কার্লো আনচেলত্তি। উত্তর আমেরিকা বিশ্বকাপে শনিবার বাংলাদেশ সময় সকালে হাইতিকে ৩-০ গোলে হারায় ব্রাজিল।

মরক্কোর বিপক্ষে ১-১ ড্র করা প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও নেইমারকে ছাড়াই খেলতে নামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এমনকি হাইতির বিপক্ষে ম্যাচের ভেন্যু ফিলাডেলফিয়াতেও দলের সঙ্গে ছিলেন না তিনি।

বিশ্বকাপ শুরুর আগে গত মাসে সান্তোসের বিপক্ষে খেলার সময় ডান পায়ের মাংসপেশিতে চোট পান নেইমার। দীর্ঘদিনের চোট-জর্জর ক্যারিয়ারে এটি আরও একটি বড় ধাক্কা হিসেবে ধরা হয়, যার কারণে প্রায় তিন বছর ধরে তিনি ব্রাজিলের হয়ে নিয়মিত খেলতে পারেননি। 

তবে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে মাঠে ফেরার খুব কাছাকাছি পৌঁছে গেছেন এই তারকা ফরোয়ার্ড। গত বুধবার তিনি আলাদাভাবে অনুশীলনে বুট পরে বল নিয়ে হালকা ওয়ার্ম-আপ করেন। এরপর ধাপে ধাপে দলের অনুশীলনেও অংশ নিতে শুরু করেন। এর আগে ফিজিওথেরাপিস্ট ও ফিটনেস কোচদের তত্ত্বাবধানে ইনডোরে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে আসছিলেন তিনি।

হাইতি ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তি জানান, আরও দুয়েক দিন আলাদা অনুশীলনের পর নেইমার পুরোপুরি দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। ওই ম্যাচে নেইমারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ আনচেলত্তি। তিনি বলেন, ‘নেইমার আগামীকাল এককভাবে অনুশীলন করবে এবং সোমবার থেকে দলের সঙ্গে অনুশীলন শুরু করবে। স্কটল্যান্ডের বিপক্ষে তাকে পাওয়া যাবে।’ 

২০২৩ সালের অক্টোবরের পর থেকে ব্রাজিলের হয়ে আর মাঠে নামেননি নেইমার। চলতি বিশ্বকাপের বাছাইপর্বে তিনি মাত্র চারটি ম্যাচ খেলেছেন, যেখানে করেছেন দুটি গোল এবং তিনটি অ্যাসিস্ট।

এদিকে গ্রুপপর্বে দ্বিতীয় ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে আর্জেন্টিনা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ট্রিয়ার বিপক্ষে আসন্ন ম্যাচে খেলতে পারছেন না আর্জেন্টিনার ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল। তবে দলের একাদশে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা খুবই কম বলে জানা গেছে। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশেই ছিলেন মন্টিয়েল। কিন্তু এরপর কয়েক দিন ধরে তিনি পুরোপুরি অনুশীলন করতে পারেননি। 


তবে আর্জেন্টাইন শিবির থেকে জানানো হয়েছে, মন্টিয়েলের চোট খুব গুরুতর নয়। ম্যাচের আগে তিনি হালকা অনুশীলনে অংশ নেবেন। দলটির আশা, গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে তাকে আবারও পাওয়া যেতে পারে। এর আগেও চোট সমস্যায় ভুগছিলেন এই ডিফেন্ডার। বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার সময়ই অন্য পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা ছিল তার। সেই চোটের কারণেই ক্লাব ফুটবলের শেষ কয়েকটি ম্যাচ এবং জাতীয় দলের একটি প্রস্তুতি ম্যাচও মিস করেছিলেন তিনি।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে বিরতির পর মাঠে নামেন নাহুয়েল মলিনা। এবার অস্ট্রিয়ার বিপক্ষে শুরু থেকেই তাকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই পরিবর্তন ছাড়া লিওনেল স্কালোনির একাদশে বড় কোনো রদবদলের সম্ভাবনা নেই। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবে আলবিসেলেস্তেরা।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   ফিট  নেইমার  ব্রাজিল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: