সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নেমেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। ইনিংসের শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। মাত্র দুই ওভারের মধ্যেই দুই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের আভাস দেয় বাংলাদেশ দল।
রোববার (২১ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক তাওহীদ হৃদয়। তবে সেই সিদ্ধান্তের সুফল শুরুতে পাওয়া যায়নি। ওপেনার সাইফ হাসান ধীরগতির ইনিংস খেলতে গিয়ে ৯ বল মোকাবিলা করে মাত্র ১ রান করেন। শেষ পর্যন্ত সহজ একটি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
অন্যদিকে আরেক ওপেনার তানজিদ হাসান তামিম দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে বিদায় নেন। ফলে মাত্র দুই ওভারের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
আরও পড়ুন
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১ রান। দলের হাল ধরার দায়িত্বে রয়েছেন অধিনায়ক তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন।
সিরিজের শেষ ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। সাকলাইন সজীব ও মুস্তাফিজুর রহমানের জায়গায় সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এছাড়া সৌম্য সরকারের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন নুরুল হাসান সোহান।
এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতা ছিল পরাজয়ের অন্যতম কারণ। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ১৮৯ রান তুলেও জয় পায়নি স্বাগতিকরা। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে এটি বাংলাদেশের প্রথম সিরিজ হার।
চট্টগ্রামের এই মাঠে আগের ম্যাচে দুই দলের ব্যাটাররা রান উৎসব করেছিলেন। অস্ট্রেলিয়ার ১৯৬ রানের জবাবে বাংলাদেশ করেছিল ১৮৯ রান। দুই ইনিংস মিলিয়ে ৩৮৫ রান হয়েছিল, যা এই ভেন্যুর ইতিহাসে অন্যতম সর্বোচ্চ ম্যাচ সংগ্রহ।
এএডি/