দেশে রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি জুন মাসের প্রথম ২০ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৫ কোটি ৩৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, যা দৈনিক গড়ে প্রায় ৯ কোটি ৭৭ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, জুনের প্রথম ২০ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৩৯ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৫৩ লাখ ১০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২১ কোটি ৮৮ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ৯০ হাজার ডলার।
এর আগে গত মে মাসে দেশে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এর আগের মাস এপ্রিলেও রেমিট্যান্স প্রবাহ ছিল উল্লেখযোগ্য; ওই মাসে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।
সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে চলতি বছরের মার্চ মাসে। ওই মাসে প্রবাসীরা দেশে পাঠান ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।
এ ছাড়া ফেব্রুয়ারিতে দেশে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স। এর আগে গত বছরের ডিসেম্বরে দেশে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
অক্টোবরে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। অন্যদিকে, আগস্টে আসে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাই মাসে আসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে এটি সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সময়ের আলো/এসএকে