নেত্রকোনার কলমাকান্দায় অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু খান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) রাত ৮টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের বাহাত্তরকাহন গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু খান ওই গ্রামের মৃত হোসেন খানের ছেলে।
জানা গেছে, রাতে নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় হঠাৎ শর্ট সার্কিট হলে বিদ্যুৎস্পৃষ্ট হন বাচ্চু খান। ঘটনাটি ঘটার পর পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শৌভিক শ্রাবণ দত্ত বলন, হাসপাতালে আনার আগেই বাচ্চু খানের মৃত্যু হয়েছে।
ঘটনার খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সজল সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। রাতেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/জোই