রাজশাহীর পুঠিয়া পৌরসভায় আম কুড়ানোর কথা বলে এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোরীকে (১৬) পাটখেতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে রফিক মিস্ত্রি (৫৫) নামের এক ব্যাক্তির বিরুদ্ধে। গত ২০ জুন (শনিবার) দুপুরে পুঠিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঝলমলিয়া সরকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত রফিক মিস্ত্রি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তিনি দীর্ঘ ১৬ বছর ধরে স্থানীয় ‘ভাই ভাই ট্রাভেলস’-এর মালিক মুকুলের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছেন। ঘটনার পর গতকাল রাতে অভিযুক্ত রফিক মিস্ত্রিকে গ্রেফতার করে পুঠিয়া থানা পুলিশ।
ভুক্তভোগী কিশোরিটি জন্ম থেকেই বাক ও শ্রবণপ্রতিবন্ধী। ঘটনার পর প্রতিবেদকের সামনে তার মা যখন ইশারায় জানতে চান কী ঘটেছিল, তখন কান্না করছিলো। সে ইশারায় উপস্থিত সবার সামনে নির্যাতনের বিবরণ দেয়। অভিযুক্ত বৃদ্ধ তার সঙ্গে কী কী করেছেন, তা বোঝানোর পাশাপাশি পেটের প্রচণ্ড ব্যথায় বারবার কেঁদে উঠছিল কিশোরিটি। প্রতিবন্ধীর এই আকুতি ও কান্নায় উপস্থিত স্থানীয় প্রতিবেশীরাও চোখের জল ধরে রাখতে পারেননি।
ভুক্তভোগী কিশোরীর মা জানান, ঘটনার দিন দুপুরে বাড়িতে প্রায় ২০ জন আত্মীয় আসায় তিনি রান্নাবান্নায় ব্যস্ত ছিলেন। বাড়ির বাইরে রোদে দেওয়া ভুট্টা পাহারা দিচ্ছিল তার প্রতিবন্ধী মেয়েটি। এ সময় প্রতিবেশী মুকুলের বাড়ির গৃহকর্মী রফিক মিস্ত্রি তাকে আম কুড়ানোর লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায়। এরপর বাড়ির পাশের ওয়াদ আলীর পাটখেতের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
অভিযুক্ত রফিক মিস্ত্রি ৫ সন্তানের জনক। তার চার স্ত্রীর মধ্যে চারিত্রিক সমস্যার কারণে ৩ জনই তাকে তালাক দিয়ে চলে গেছেন। বর্তমানে তিনি এক স্ত্রীকে নিয়ে ওই এলাকাতেই থাকেন। এর আগেও তিনি এলাকায় নারীদের উত্ত্যক্ত করা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে লোকলজ্জার ভয়ে সেসব বিষয় ধামাচাপা পড়ে যায়।
ধর্ষণের অভিযোগ অস্বীকার করে রফিক মিস্ত্রি দাবি করেন, আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই। মেয়েটি আমার নাতনির মতো। তাকে আম কুড়াতে নিয়ে গিয়েছিলাম। এক বাগানে আম না পেয়ে পাটখেতের ভেতর দিয়ে অন্য আরেকটি আম বাগানে নিয়ে গিয়েছিলাম মাত্র।
এ বিষয়ে জানতে চাওয়া হলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, পুঠিয়া থানায় ধর্ষণ মামলা হয়েছে। ভুক্তভোগীকে ফরেন রিপোর্টের জন্য (রামেক) হাসপাতালে পাঠানো হবে। আসামিকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে রয়েছে এবং তারা এই ঘটনার সুষ্ঠু বিচার ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
সময়ের আলো/জোই