পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গদি টিকিয়ে রাখা সহজ হবে না, বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
সোমবার (২২ জুন) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবির আয়োজিত অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারি হিসাব অনুযায়ী গত ১০০ দিনে দেশে ৬০৫ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আর বেসরকারি হিসাব বলছে এ সংখ্যা ৯১১। এসব হত্যাকাণ্ডের বিচার ও কোন প্রতিকার নেই। গাইবান্ধায় শিবির নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দ্রুত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন।
তিনি আরও বলেন, যে সরকার জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছে, তারা হাদি হত্যার বিচার, আওয়ামী লীগের বিচার ও কোটা সংস্কার এবং গণভোটের প্রতি সম্মান প্রদর্শনের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারা তা করেনি। তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে। জনগণ সময়ের অপেক্ষায় আছে, সময়ই তাদের এই প্রতারণার জবাব দিবে।
শিবির সভাপতি বলেন, সরকারের নির্দেশনা আইনশৃঙ্খলা বাহিনী মানছে না। কারণ বিভিন্ন বাহিনীতে এখনো আওয়ামী লীগের দোসররা বসে আছে। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের লোকজনকে নিয়োগ দিয়েছে। তারা দেশের আইনশৃঙ্খলা রক্ষার চেয়ে আওয়ামী লীগের পুনর্বাসনে বেশি ব্যস্ত হয়ে পড়েছে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। যদি সহযোগিতা ভালো না লাগে, তাহলে যে ভাষা ভালো লাগে আমরা সেটাই করবো। সময় থাকতে ভালো হয়ে যান, ভদ্র হোন, দেশ সুন্দরভাবে পরিচালনা করুন। জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে।
সাদ্দাম বলেন, গত ১৭ বছরে দেশে যারা জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন, যাদের স্বজন নিহত হয়েছেন, যারা গুম হয়েছেন, আয়না ঘরে গেছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন, তারা এখন আবার জুলুমবাজে পরিণত হয়েছে। ক্যাম্পাসের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রশিবির ক্যাম্পাসে কোনো গণরুম বা গেস্টরুম সংস্কৃতি চালু করতে দিবে না।
সময়ের আলো/আতা