কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে বাবুল সরকার (৪৫) নামে এক নৌকার মাঝির মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যা ৭টার দিকে নিকলী উপজেলার সদর ইউনিয়নের উলাবাইরা চর হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল সরকার নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার নারাজ গ্রামের বাসিন্দা এবং কাছু মিয়ার ছেলে। তিনি একটি স্টিলবডি নৌকার মাঝি হিসেবে কর্মরত ছিলেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল সরকারসহ কয়েকজন যাত্রী আশুগঞ্জ থেকে ধান বিক্রি করে স্টিলবডি নৌকায় নিজ এলাকায় ফিরছিলেন। পথে হাওরে প্রবেশের পর আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে নৌকায় থাকা অন্য যাত্রীরা নিরাপত্তার জন্য পাটাতনের নিচে আশ্রয় নেন।
তবে নৌকার নিয়ন্ত্রণ বজায় রাখতে মাঝি বাবুল সরকার নৌকার ওপরেই অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান, বলেও জানা যায়।
পরে নৌকার গতিবিধি অস্বাভাবিক মনে হওয়ায় পাটাতনের নিচে আশ্রয় নেওয়া যাত্রীরা ওপরে উঠে বাবুল সরকারকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি বলেন, বজ্রপাতে একজন নৌকার মাঝির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সময়ের আলো/আতা