চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার সীমান্তবর্তী আঁধারমানিক এলাকা থেকে পুটন মল্ল (১৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২২ জুন) বিকেলে ৪৩ বিজিবি রামগড় ব্যাটালিয়নের একটি টহলদল তাকে আটক করে। সন্ধ্যায় বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রামগড় ব্যাটালিয়নের অধীনস্থ আঁধারমানিক বিওপির টহলদল স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্তবর্তী উত্তর আঁধারমানিক এলাকা থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী ওই ব্যক্তিকে আটক করে।
আটক পুটন মল্ল ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম থানার রামেন্দ্রনগর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বাদল মল্ল।
বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভূজপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, সার্বভৌমত্ব রক্ষা, অনুপ্রবেশ প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এ ধরনের কার্যক্রম সফল করতে সীমান্তবর্তী জনগণের সচেতনতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সময়ের আলো/জোই