চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি মসজিদ থেকে দীর্ঘ ১৩ বছর ধরে ইমামতি করা এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে যাওয়ার পাশাপাশি নিজের ফেসবুক আইডিতেও একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করেছে।
মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদের দ্বিতীয় তলার কক্ষ থেকে মোহাম্মদ আমির হোসেন (৪০) নামের ওই ইমামের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমির হোসেনের গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তিনি দীর্ঘ ১৩ বছর ধরে রাজা মিয়া সওদাগর জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতাওয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ জানান, মঙ্গলবার আসরের নামাজে তিনি মুসল্লিদের ইমামতি করেন। তবে মাগরিব ও এশার নামাজের সময় তাকে মসজিদে দেখা যায়নি। প্রথমে ধারণা করা হয়েছিল তিনি ব্যক্তিগত কোনো কাজে বাইরে গেছেন। কিন্তু দীর্ঘ সময়েও ফিরে না আসায় স্থানীয় মুসল্লিরা তার খোঁজ শুরু করেন।
একপর্যায়ে মসজিদের দ্বিতীয় তলায় ইমামের কক্ষের দরজা বন্ধ দেখতে পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে ভেতরে ফ্যানের সঙ্গে সবুজ রঙের কাপড় পেঁচানো অবস্থায় তার নিথর দেহ ঝুলতে দেখা যায়। পাশে একটি মই পড়ে ছিল।
খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। পরে কক্ষ তল্লাশি করে একটি হাতে লেখা চিরকুট পাওয়া যায়। সেখানে পারিবারিক কলহের বিষয় উল্লেখ ছিল বলে জানিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ।
ইফতেকার আহমেদ আরও বলেন, দীর্ঘ ১৩ বছর ধরে তিনি এই মসজিদে খেদমত ও ইমামতির দায়িত্ব পালন করেছেন। এলাকার মানুষের সঙ্গে তার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। তিনি নম্র, ভদ্র ও ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার এমন মৃত্যু আমাদের সবাইকে মর্মাহত করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি লিখেছিলেন, যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়। তার এই স্ট্যাটাসকে ঘিরেও এলাকায় নানা আলোচনা চলছে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
সময়ের আলো/জোই