লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শিশু নন্দিনী হত্যাকাণ্ডের আসামি বিধান চন্দ্রের দুটি গরু নিলামে বিক্রি করে দিয়েছেন বিএনপি নেতা গোলাম কিবরিয়ার রিপন। এমন একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রিপন উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি।
ভিডিওতে দেখা গেছে, রিপন আসামির গরু নিলামে করছেন। সেখানে বার বার নিলাম ডাক দিচ্ছেন। শেষে ১ লাখ ৭৭ হাজার টাকায় গরু দুটি নিলামে বিক্রি করেন। সংশ্লিষ্ট একাধিক ব্যাক্তি ও স্থানীয় বিএনপি-অঙ্গ সংগঠনে নেতাকর্মী বিষয়টি নিশ্চিত করেছেন।
ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, বিষয়টি আমি জেনেছি। গরুর টাকা উদ্ধারে স্থানীয়দের সঙ্গে বৈঠক করেছি। গরু নিলামের টাকা কোথায় আছে, গরু কেন বিক্রি করা হলো তা খতিয়ে দেখছি।
তবে অভিযুক্ত রিপন বলেন, গরু বিক্রি করেছি। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন জানে না। গরুর টাকা আমাদের কাছে জমা আছে। আসামির জামিন হলে টাকা ফেরত দেওয়া হবে। আপনি দেখা করেন, এ বিষয়ে আপনার সঙ্গে সাক্ষাতে কথা হবে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, গরু বিক্রির বিষয়টি আমি শুনেছি। তবে বিস্তারিত জানি না।
গরু বিক্রি করা যাবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, গরু বা আসামির সম্পত্তির নামে মামলা হয়নি। মামলা হয়েছে আসামির নামে। তাই নিলামে ওই গরু বিক্রি করে তিনি অপরাধ করেছেন।
উল্লেখ্য, গত ১৬ জুন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের একটি ভুট্টাখেত থেকে প্রথম শ্রেণির শিক্ষার্থী নন্দিনী রানীর বস্তাবন্দি ও মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নন্দিনী স্থানীয় কৃষক নলনী বর্মণের মেয়ে। আগের দিন বিকেল থেকে নিখোঁজ থাকার পর পরদিন সকালে তার মরদেহ উদ্ধার হলে এলাকার মানুষদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্ত বিধান বর্মণের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে গ্রামবাসীদের ছত্রভঙ্গ করে আগুন লাগানো বাড়ির ভেতর থেকে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়।
পরে নিহত শিশু নন্দিনী বাবা নলনী বর্মণ বাদি হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামি বিধান বর্মণকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করলে তাকে ও তার বাবাকেও কারাগারে পাঠায় পুলিশ।
সময়ের আলো/জোই