টাঙ্গাইলের মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক মো. জাকির হোসেন রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ ২০ হাজার ২৫৪ টাকা উত্তোলন করেন। তবু, বছর দুয়েক ধরে তার অফিস কক্ষকেই আবাসিক বাড়ি বানিয়ে বসবাস করছেন।
জানা যায়, জাকির হোসেন ২০২৪ সালের ১৭ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর তিনি হজ্বে যাওয়ার জন্য ছুটি নেন। পরবর্তীতে হজ্ব থেকে ফিরে পুনরায় একই বছর ১৮ জুলাই যোগদান করেন। এরপর থেকে তার অফিস কক্ষেই বসবাস শুরু করেন। তবু, প্রতি মাসে রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়ি ভাড়া ঠিকই উত্তোলন করে যাচ্ছেন। এ নিয়ে কোনো কর্মকর্তা বা কর্মচারি মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
টাঙ্গাইলের বটতলা মোড়ে অবস্থিত ৫ তলা ভবনের দ্বিতীয় তলায় টাঙ্গাইল মহিলা বিষয়ক অধিদফতরের কার্যালয়। সেখানে জাকির হোসেনের কক্ষে প্রবেশ করতেই চোখে পড়ে বিছানাপত্র। এর পাশেই টেবিলে বসে আছেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে অফিসের একাধিক কর্মকর্তা ও কর্মচারি জানান, স্যার (জাকির হোসেন) যোগদানের পর থেকেই অফিস কক্ষে বসবাস করছেন। মাঝে মাঝে তার স্ত্রী এসে এখানেই থাকেন।
এ বিষয়ে জাকির হোসেন জানান, তিনি ৬ষ্ঠ গ্রেডে বেতন পাচ্ছেন। তার বাড়ি ভাড়া ৩৫ শতাংশ হিসেবে ২০ হাজার ২৫৪ টাকা প্রতি মাসে রাষ্ট্রীয় কোষাগার থেকে উত্তোলন করা হচ্ছে। তবে তিনি অফিস কক্ষে বসবাস করাটা সরকারি বিধি অমান্য করা হচ্ছে বলে মনে করেন না।
সময়ের আলো/মহু