২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের চরম নাটকীয়তার মুখে দাঁড়িয়ে আজ মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও স্কটল্যান্ড। তবে দুই দলের এই ব্লকবাস্টার লড়াই শুরুর আগেই বড় ধাক্কা দিয়েছে বৈরী আবহাওয়া। যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ ম্যাচটি তীব্র বজ্রঝড়ের কারণে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
স্থানীয় সময় অনুযায়ী আজ সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও আবহাওয়ার পূর্বাভাসে ঠিক ওই সময়েই ভারী ঝড়-বৃষ্টির কথা বলা হয়েছে। ফলে খেলা নির্ধারিত সময়ে শুরু হওয়া নিয়ে যেমন সংশয় রয়েছে, তেমনি ম্যাচ চলাকালেও যেকোনো সময় খেলা বন্ধ হয়ে যাওয়ার বড় ঝুঁকি তৈরি হয়েছে।
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কঠোর নিয়ম অনুসারে, স্টেডিয়ামের আট মাইল ব্যাসার্ধের মধ্যে কোনো বজ্রপাত শনাক্ত হওয়া মাত্রই রেফারি খেলা স্থগিত করতে বাধ্য। শুধু তাই নয়, আকাশে শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করার আন্তর্জাতিক নিয়ম রয়েছে। এই দীর্ঘ অপেক্ষার বাধ্যবাধকতার কারণে ম্যাচটি বড় সময়ের জন্য ঝুলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চলতি বিশ্বকাপেই ইতিমধ্যে এমন অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে ফুটবলপ্রেমীদের। ফিলাডেলফিয়ায় ফ্রান্স ও ইরাকের মধ্যকার ম্যাচটি বজ্রঝড়ের কারণে দীর্ঘ সময় বন্ধ রাখতে হয়েছিল। পরবর্তীতে আবহাওয়া স্বাভাবিক হলে দুই দলের ফুটবলারদের নতুন করে গা গরম (ওয়ার্মআপ) করে মাঠে নামতে হয়েছিল।
অবশ্য মাঠের বাইরের এই সম্ভাব্য সংকট মোকাবিলায় আগে থেকেই ছক কষে রেখেছে স্কটল্যান্ড শিবির। দলটির প্রধান কোচ স্টিভ ক্লার্ক ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছেন, প্রকৃতির এই খামখেয়ালিপনা সামলানোর জন্য তাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তার দল পুরোপুরি প্রস্তুত এবং ম্যাচ দীর্ঘায়িত হলেও তারা কৌশলগতভাবে তা সামাল দিতে পারবেন।
টুর্নামেন্টের সমীকরণ অনুযায়ী, গ্রুপ ‘সি’ থেকে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করতে স্কটল্যান্ডের জন্য এই ম্যাচ থেকে অন্তত একটি পয়েন্ট তুলে নেওয়া অত্যন্ত জরুরি। তবে ব্রাজিলের কাছে হেরে গেলেও তাদের বিশ্বকাপ যাত্রা একবারে থমকে যাবে না, সেক্ষেত্রে পরবর্তী রাউন্ডের ভাগ্য নির্ধারণে তাদের তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকে।
এদিকে মাঠের লড়াইয়ের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ব্রাজিল শিবিরে নেইমারের ফেরার জোর গুঞ্জন। ইনজুরির ধাক্কা সামলে এই মহাতারকার দলে ফেরার সম্ভাবনা সেলেসাও ভক্তদের মাঝে বাড়তি উদ্দীপনা জোগাচ্ছে। অপরদিকে স্কটল্যান্ড শিবিরে রয়েছে ইনজুরির ধাক্কা, এই গুরুত্বপূর্ণ ম্যাচেও তারা পাচ্ছে না দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার অ্যারন হিকিকে।
সব মিলিয়ে মাঠের ভেতরে নেইমারের জাদু আর মাঠের বাইরে মিয়ামির আকাশের মেঘ-এই দুইয়ে মিলে ফুটবলবিশ্ব এখন এক রোমাঞ্চকর ক্ষণের অপেক্ষায়। শেষ পর্যন্ত আকাশ পরিষ্কার থাকলে দেখা যাবে মাঠের লড়াই, আর ঝড় নামলে ফুটবলারদের সঙ্গে দর্শকদেরও করতে হবে দীর্ঘ অপেক্ষা।
সময়ের আলো/আরবিএন