কুমিল্লার হোমনা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টার অভিযোগে পুলিশ তাৎক্ষণিকভাবে একজনকে গ্রেফতার করে। ঘটনায় ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) থানার এক উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে অভিযোগ আনা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ জুন বিকেলে হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় নিষিদ্ধ সংগঠনের কিছু নেতাকর্মী জড়ো হন। তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল শেষে স্থানীয় একটি গ্যারেজের পাশের রাস্তায় অবস্থান নেন। সেখানে তারা আতঙ্ক সৃষ্টি ও জননিরাপত্তা বিপন্ন করার চেষ্টা করছিলেন বলে পুলিশের কাছে গোপন সংবাদ আসে।
খবর পেয়ে হোমনা থানা পুলিশের একটি দল বিকেল সোয়া ৪টার দিকে ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে উপস্থিত ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে মো. মহসিন আহমেদ (৪৮) নামের একজনকে গ্রেফতার করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টমাস বড়ুয়া জানিয়েছেন, গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/আতা