প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:৩৩ পিএম
সংগৃহীত ছবিঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ককটেল নিক্ষেপের অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। শনিবার (২১ নভেম্বর) রানীশংকৈল থানায় পৌর যুবদলের সভাপতি মাহাবুব হোসেন বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আর ১২০০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছেন।
মামলার বিবরণে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থকরা জড়ো হয়। সেখানে মশাল জ্বালিয়ে নাশকতার উদ্দেশ্যে জয় বাংলা স্লোগান দিতে থাকে। এসময় বিএনপি নেতা মাহাবুব এগিয়ে গেলে তাকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক, রেজওয়ানুল হক রঞ্জু ও জাহাঙ্গীরকে গ্রেফতার করে।
এ ব্যাপারে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, গ্রেফতারদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং অন্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সময়ের আলো/জোই