দুমকিতে পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা সেতুর টোল প্লাজায় তিনটি টয়োটা জিপের টোল দাবি করায় দায়িত্বে থাকা এক সুপারভাইজারকে মারধর করে আহত

2026-11-21T19:17:32+00:00
2026-11-21T19:17:32+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
দুমকিতে পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম 
দুমকিতে পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ
পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা সেতুর টোল প্লাজায় তিনটি টয়োটা জিপের টোল দাবি করায় দায়িত্বে থাকা এক সুপারভাইজারকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে বরিশাল বিভাগীয় মালিক সমিতি ও বিভাগীয় শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতার বিরুদ্ধে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে টোল আদায়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, বরিশাল বিভাগীয় মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতা তিনটি টয়োটা জিপ নিয়ে পায়রা সেতুর টোল প্লাজায় পৌঁছালে টোল আদায়কারীরা গাড়িগুলো থামিয়ে টোল দাবি করেন। এ সময় গাড়িগুলো টোলমুক্ত দাবি করে কাউন্টারের টোল কালেক্টর চঞ্চল সরকারের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা চঞ্চল সরকারকে গালাগাল ও হুমকি দেন। এ সময় চিৎকার-চেঁচামেচি শুনে দায়িত্বে থাকা সুপারভাইজার আউয়াল এগিয়ে গেলে তার ওপর চড়াও হন কয়েকজন। পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের নেতৃত্বে তাকে চড়-থাপ্পড় ও কিল-ঘুসি মেরে আহত করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে অভিযুক্তরা গাড়ি নিয়ে বরিশালের দিকে চলে যান।

আহত সুপারভাইজার আউয়াল জানান, তিনটি গাড়ির টোল দাবি করায় তাকে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করা হয়েছে। বিষয়টি তিনি টোল আদায়ের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান বেস্ট ইস্টার্ন কর্তৃপক্ষকে জানিয়েছেন। 


পায়রা সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠানের ডিরেক্টর অপারেশন সজল বিশ্বাস বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাদের অনুমতি পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার। তিনি বলেন, ‘মারধরের কোনো ঘটনা ঘটেনি। শুধু কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়েছে।’

তিনি জানান, গাড়িগুলো সড়ক ও জনপথ বিভাগের কাছ থেকে টোলমুক্ত করা ছিল। টোলমুক্ত গাড়ি আটকে দেওয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পটুয়াখাল  দুমকি  পায়রা সেতু  টোল চাওয়া  সুপারভাইজার  মারধর  অভিযোগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: