প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম
দগ্ধ বিল্লাহ হাওলাদার। সময়ের আলোর ফাইল ছবিবরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজনের মধ্যে বাকি বিল্লাহ হাওলাদার (মিস্ত্রি) মারা গেছেন। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে পাথরঘাটা মাছের খাল বাজারসংলগ্ন খালে নোঙর করা দুলাল মিয়ার মালিকানাধীন এফভি রাবেয়া ট্রলারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ট্রলার মালিক দুলাল মিয়াসহ তিনজন দগ্ধ হন। অন্য দগ্ধ ব্যক্তি হলেন আলম খান।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলারটি পাথরঘাটার বিষখালী ও বলেশ্বর নদীর সংযোগস্থলের বারানী খালের মাছের খাল এলাকায় নোঙর করা ছিল। রাতে সাগরে মাছ শিকারে যাওয়ার প্রস্তুতি হিসেবে ট্রলারে রান্নার আয়োজন চলছিল। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ট্রলারের ছাউনি উড়ে যায় এবং আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে ট্রলারে থাকা কয়েকজন খালে ঝাঁপ দেন। এ সময় ইঞ্জিন রুমে থাকায় বাকি বিল্লাহ হাওলাদার সবচেয়ে বেশি দগ্ধ হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। বাকি বিল্লাহ হাওলাদারের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় তাকে ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মেহেদী হাসান ঘটনার পর জানিয়েছিলেন, দগ্ধ তিনজনের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অন্য দুজনের অবস্থাও গুরুতর ছিল। তাদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ঘটনার পর বাকি বিল্লাহ হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন আগে চেয়ে সুস্থতার দিকে বলে জানান তিনি।
সময়ের আলো/জোই