স্বপ্ন নিয়ে দুবাই গিয়ে ফিরলেন কফিনবন্দি হয়ে কচুয়ার মহিন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ২০০৭ সালে দুবাই পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের কচুয়ার মহিন খান। দীর্ঘ প্রবাসজীবনে পরিবারকে ঘিরে ছিল তার

2026-11-21T19:05:02+00:00
2026-11-21T19:05:20+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সারাদেশ
স্বপ্ন নিয়ে দুবাই গিয়ে ফিরলেন কফিনবন্দি হয়ে কচুয়ার মহিন
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭:০৫ পিএম  আপডেট: ২১.১১.২০২৬ ৭:০৫ পিএম
দুবাই থেকে কচুয়ার কফিনবন্দি মহিন খান। ছবি : সময়ের আলো
পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ২০০৭ সালে দুবাই পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের কচুয়ার মহিন খান। দীর্ঘ প্রবাসজীবনে পরিবারকে ঘিরে ছিল তার নানা স্বপ্ন ও পরিকল্পনা। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই হত্যাকাণ্ডের শিকার হয়ে ফিরতে হলো কফিনবন্দি হয়ে। তার মরদেহ বাড়িতে পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়েন স্ত্রী, সন্তান ও স্বজনরা। শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে।

গত ২০ নভেম্বর রাতে দুবাই এয়ারলাইন্সের একটি বিমানে মহিন খানের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগীরি গ্রামের বাড়িতে মরদেহ নেওয়া হয়। মহিন ওই গ্রামের আবু তাহের খানের ছেলে। তার স্ত্রী স্বর্ণা আক্তার ও ৯ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

শনিবার (২১ নভেম্বর) মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শেষবারের মতো বিদায় জানাতে জানাজায় অংশ নেন স্বজন, প্রতিবেশী ও এলাকার শত শত মানুষ।

নিহতের স্বজনরা জানান, চলতি বছরের ৬ জুন দুবাইয়ের আরবিয়ান এমারেন্স টু এলাকায় নিজ বাসা থেকে নিখোঁজ হন মহিন খান। একই সময় তার কোম্পানির মালিক ও মালিকের স্ত্রীও নিখোঁজ হন। এ ঘটনায় ১৩ জুলাই দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসে নিখোঁজের আবেদন করা হয়।

পরে ১৪ সেপ্টেম্বর দুবাই সিআইডি পুলিশ মহিন খান, তার কোম্পানির মালিক ও মালিকের স্ত্রীর মরদেহ আবুধাবির মরুভূমি থেকে বালুচাপা অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজন চীনা নাগরিককে গ্রেফতার করে দুবাই পুলিশ।


স্বজনদের ভাষ্য অনুযায়ী, গত ৬ নভেম্বর মহিনের মৃত্যুর বিষয়টি তার পরিবারকে নিশ্চিত করা হয়। এরপর প্রায় ১৫ দিনের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মহিনের স্বজনরা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার দাবি করেছেন। পাশাপাশি দুবাইয়ের আরবিয়ান এমারেন্স টু এলাকায় থাকা মহিনের ব্যক্তিগত গাড়ি, প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান মালামাল উদ্ধারে দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন স্ত্রী স্বর্ণা আক্তার ও তাদের কন্যাসন্তান। পরিবারের ভবিষ্যৎ নিয়ে এখন দুশ্চিন্তায় স্বজনরাও।

মহিনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক ব্যবস্থাপনা বিভাগের সাবেক যুগ্ম সচিব ও বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক সদস্য কচুয়ার কৃতী সন্তান ডা. মো. আমিনুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নিহতের স্বজনরা।

এ বিষয়ে কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, ঘটনাটি বিদেশে সংঘটিত হওয়ায় এ বিষয়ে তাদের কাছে সরাসরি কোনো তথ্য নেই।

সময়ের আলো/জোই
  বিষয়:   মহিন খান  দুবাই হত্যাকাণ্ড  প্রবাসী বাংলাদেশি  চাঁদপুর  কচুয়া  প্রবাসীর মরদেহ  আবুধাবি  বাংলাদেশ দূতাবাস  প্রবাসী পরিবার  প্রবাসীর মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: