যুক্তরাষ্ট্রের বৈষম্যের কটাক্ষ করে ইরানের পাশে দাঁড়ালেন মিশরের কোচ

সময়ের আলো ডেস্ক

খেলা

ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলের সাথে সমান ও ন্যায়সঙ্গত আচরণ করা উচিত বলে মন্তব্য করেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান।

2026-06-26T11:46:39+00:00
2026-06-26T11:46:39+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
খেলা
যুক্তরাষ্ট্রের বৈষম্যের কটাক্ষ করে ইরানের পাশে দাঁড়ালেন মিশরের কোচ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১১:৪৬ এএম 
ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলের সাথে সমান ও ন্যায়সঙ্গত আচরণ করা উচিত বলে মন্তব্য করেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। টুর্নামেন্টের যৌথ আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান ফুটবল দলের প্রতি অন্যায্য সময়সূচি নির্ধারণ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের যে অভিযোগ উঠেছে, তার পরিপ্রেক্ষিতেই তিনি এই মন্তব্য করেন।

গত বৃহস্পতিবার (২৫ জুন) ম্যাচ-পূর্ব এক সংবাদ সম্মেলনে আল জাজিরার পক্ষ থেকে ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে চাওয়া হলে হোসাম হাসান বলেন, বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী প্রতিটি দলের প্রতিই আমার গভীর সম্মান রয়েছে। ফিফা যেহেতু পারস্পরিক শ্রদ্ধা ও ‘ফেয়ার প্লে’ নীতিতে বিশ্বাসী, তাই সব দলেরই সমান সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে সরাসরি মার্কিন প্রশাসনের সমালোচনা না করলেও, সহকর্মী দল হিসেবে ইরানের প্রতি মিশরের এই সমর্থনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

রাজনৈতিক বৈরিতার জেরে চলমান বিশ্বকাপে ইরান দলকে এক নজিরবিহীন ভ্রমণ নিষেধাজ্ঞার মুখোমুখি করেছে মার্কিন কর্তৃপক্ষ। ইরান ফুটবল দল তাদের মূল প্রশিক্ষণ ক্যাম্প করেছে মেক্সিকোতে। অথচ তাদের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে। মার্কিন নীতি অনুযায়ী, ইরানি খেলোয়াড় ও স্টাফদের ম্যাচের মাত্র একদিন আগে আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল এবং ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই অনতিবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের ভাগ্যনির্ধারণী ম্যাচের আগে মার্কিন কর্তৃপক্ষ এই কড়াকড়ি কিছুটা শিথিল করেছে; ফলে এবার তারা ম্যাচের দুদিন আগে সিয়াটলে আসার সুযোগ পেয়েছে।

ইরানের কোচ আমির ঘালিনোই এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, সময়ে মতো আসার সুযোগ পাওয়াটা আমাদের অধিকার ছিল, যা আগের দুটি ম্যাচে আমাদের দেওয়া হয়নি। এই বৈষম্যমূলক ভ্রমণ নীতি আমাদের খেলোয়াড়দের ফিটনেস ও প্রস্তুতিতে মারাত্মক প্রভাব ফেলেছে। তবে আমরা সব চ্যালেঞ্জ জয় করেই মাঠে লড়ব।

ম্যাচটিকে কেন্দ্র করে দুই কোচই একে অপরের দেশের প্রাচীন সভ্যতা ও ঐতিহ্য নিয়ে শ্রদ্ধা প্রকাশ করেছেন। ইরান কোচ ঘালিনোই জানান, তারা কেবল মিশরের মহাতারকা মোহামেদ সালাহকে আটকানোর ছক কষছেন না, কারণ পুরো মিশর দলই অত্যন্ত গোছানো।

বর্তমানে ‘গ্রুপ বি’-তে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে মিশর। আজকের ম্যাচে কেবল একটি ড্র করলেই তাদের নকআউট পর্ব (শেষ ৩২) নিশ্চিত হবে। অন্যদিকে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইরান। সমান ২ পয়েন্ট নিয়ে বেলজিয়াম তৃতীয় এবং ১ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে নিউজিল্যান্ড।

গত সোমবার নিউজিল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম জয় তুলে নিয়েছিল মিশর। আজ নকআউটের টিকিট নিশ্চিত করে দেশবাসীকে আবারও আনন্দের জোয়ারে ভাসাতে চান ফারাওদের গুরু হোসাম হাসান।


সময়ের আলো/কহু


  বিষয়:   বিশ্বকাপ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: