শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশিকে আটক করেছে ৩৯ বিজিবি। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে আটককৃতদের শ্রীবরদী থানায় হস্তান্তর করে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।
এর আগে দুপুরে উপজেলার হারিয়াকোনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে কর্ণঝোড়া বিওপির টহলদল।
আটকরা হলেন, ভোলার মনপুরা উপজেলার আন্ধিরপাড়া গ্রামের আপন জল দাস (৩০), নোয়াখালীর হাতিয়া উপজেলার আঠারবেকি গ্রামের নয়ন তারা (২৫), চর আমান উল্লাহ গ্রামের বিজয় হরি জল দাস (৪৬), লম্বরিয়া গ্রামের সুলক্ষী (৪২) এবং লক্ষীপুরের রামগতি উপজেলার বড়খেরী গ্রামের বীণা দাস (৩১)। আটকদের মধ্যে চারজন শিশুও রয়েছে।
পুলিশ ও বিজিবি জানায়, স্থানীয় মানবপাচারকারী চক্রের সদস্য সুমন মিয়া, সাজু, আজিবর ও কালু মিয়ার সঙ্গে ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে নেওয়ার চুক্তি হয়। বুধবার রাতে আটকরা ঢাকা থেকে শেরপুরের শ্রীবরদীতে আসে। পরে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৯৫ প্রায় দেড়শ গজ ভিতরে হারিয়াকোনা পাহাড়ি এলাকার জঙ্গলে অবস্থান নেয়।
বৃহস্পতিবার রাতে তাদের ভারতে প্রবেশের পরিকল্পনা ছিল। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে হারিয়াকোনা জঙ্গল থেকে তাদের আটক করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, আটক ৯ জনের মধ্যে চারজন শিশু রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।
সময়ের আলো/জোই