দক্ষিণ কোরিয়ার তরুণ প্রজন্মের মানসিক চাপমুক্তির এক অভিনব ডিজিটাল মাধ্যম হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে ‘ডোপামিন সাইটস’। আকাশচুম্বী জীবনযাত্রার ব্যয় এবং তীব্র প্রতিযোগিতামূলক বাস্তবতায় পিষ্ট তরুণরা এখন অর্থ খরচ না করেই কেনাকাটা বা আড্ডার ভার্চুয়াল অনুভূতি পেতে ঝুঁকছেন এই সাইটগুলোর দিকে। নিচে এই ট্রেন্ডের বিস্তারিত তুলে ধরা হলো-
ডোপামিন সাইট কী?
ডোপামিন সাইট হলো এমন কিছু হাইপার-রিয়েলিস্টিক বা অতিবাস্তবধর্মী ওয়েবসাইট, যেখানে বাস্তব জীবনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও ভোগের আনন্দ কৃত্রিমভাবে অনুকরণ করা হয়। এর প্রধান বৈশিষ্ট্য হলো, এখানে কেনাকাটা বা খাবার অর্ডারের মতো সব প্রক্রিয়া সম্পন্ন হলেও বাস্তবে কোনো আর্থিক লেনদেন ঘটে না এবং কাঙ্ক্ষিত পণ্য বা সেবাটি ব্যবহারকারীর কাছে পৌঁছায় না।
জনপ্রিয় কিছু সাইট
ফুড নেভার কামস : এই সাইটটি কোরিয়ার বড় ই-কমার্স অ্যাপগুলোর আদলে তৈরি। এখানে ব্যবহারকারীরা রেস্তোরাঁ দেখা, রিভিউ পড়া, কার্টে খাবার যোগ করা এবং ডেলিভারি বয়ের অবস্থান ট্র্যাক করার মতো বাস্তব অভিজ্ঞতা পান, কিন্তু বাস্তবে কোনো খাবার অর্ডার করা হয় না।
ভার্চুয়াল স্মোক ব্রেক : এটি একটি ডিজিটাল ব্রেক রুম, যেখানে সিগারেট না জ্বালিয়েও ব্যবহারকারীরা অন্যান্য বেনামি ব্যবহারকারীদের উপস্থিতি দেখতে পান। কোনো ব্যক্তিগত যোগাযোগের চাপ ছাড়াই এখানে সমমনাদের সাথে ডিজিটাল সান্নিধ্য পাওয়া যায়।
তরুণরা কেন এই সাইটে আগ্রহী?
এই প্রবণতার পেছনে কাজ করছে গভীর মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক কারণ:
প্রত্যাশার আনন্দ : মনোবিজ্ঞান অনুযায়ী, কোনো কিছু কেনার কথা কল্পনা করলে মস্তিষ্কে যে ডোপামিন নিঃসৃত হয়, তা অনেক সময় কেনাকাটার চেয়েও বেশি আনন্দদায়ক হতে পারে। এই সাইটগুলো তরুণদের সেই ‘প্রত্যাশার আনন্দ’ বিনা খরচে উপভোগ করার সুযোগ দিচ্ছে।
অর্থনৈতিক মুক্তি : আকাশচুম্বী পণ্যের দাম ও ডেলিভারি ফি বাঁচিয়ে শপিং বা খাবারের অর্ডার করার ‘ভান’ করে তরুণরা মানসিক শান্তি খুঁজে পাচ্ছেন। অনেক সাইট আবার কত টাকা সাশ্রয় হলো, তার হিসাব দেখিয়ে ইতিবাচক ফিডব্যাক দেয়।
একাকিত্ব ও চাপ থেকে মুক্তি: বাস্তব জীবনের দায়বদ্ধতাহীন একধরনের ডিজিটাল সংযোগ তরুণদের একাকিত্ব ও বার্ন আউট কমাতে সাহায্য করছে। বেনামি ব্যবহারকারীদের সাথে এই ভার্চুয়াল সান্নিধ্য মস্তিষ্ককে যৌথ অভিজ্ঞতার অনুভূতি দেয়, যা উদ্বেগ কমায়।
বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি
বিশেষজ্ঞদের মতে, এই সাইটগুলো সাময়িক মানসিক স্বস্তি দিলেও এগুলো কোনো স্থায়ী সমাধান নয়। মনোবিজ্ঞানী ড. গ্যাব্রিয়েল শ্রেয়ার-হফম্যান সতর্ক করেছেন যে, এই ভার্চুয়াল জগত তরুণদের মূল সামাজিক ও মানসিক সংকটকে আড়াল করে রাখতে পারে। যদি এই অবাস্তব অভিজ্ঞতা বাস্তব জীবনের অর্থপূর্ণ কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে, তবে তা ভবিষ্যতে মানসিক বঞ্চনাবোধ আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।
সময়ের আলো/আআ