ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ময়মনসিংহে ৫৮ শিশুর মৃত্যু হলো। ২৪ ঘণ্টায় নতুন আরও ১৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৯৪ শিশু।
শনিবার (২৭ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।
মৃত্যুবরণ করা ৪ শিশুর তিনজনের বয়স ৪ মাস, একজনের ৮ মাস।
৪ মাস বয়সী এক কন্যা শিশুর বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের শাপলা বাজারে। গত ১৮ জুন হাসপাতালে ভর্তির পর শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে শিশুটির মৃত্যু। হাম উপসর্গের পাশাপাশি শিশুটি নিউমোনিয়া ও হার্ট ফেইলরে আক্রান্ত ছিল বলে মৃত্যু সনদে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, মৃত্যু হওয়া ৪ মাস বয়সী এক ছেলে শিশুর বাড়ি ময়মনসিংহের ফুলপুরের পলাশকান্দা এলাকায়। গত ২ জুন হাসপাতালে ভর্তির পর শুক্রবার সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়।
৪ মাস বয়সী আরেকটি ছেলে শিশুর বাড়ি নেত্রকোনা জেলার কমলাকান্দার মাইশারচর এলাকায়। গত ১৬ জুন হাসপাতালে ভর্তির পর শুক্রবার বিকেল ৩টায় তার মৃত্যু হয়।
এ ছাড়াও ৮ মাস বয়সী ছেলে শিশুর বাড়ি সুনামগঞ্জ জেলার মদনপুর এলাকায়। গত ৮ জুন হাসপাতালে ভর্তির পর শুক্রবার রাত ৮টায় তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাম উপসর্গ নিয়ে নতুন করে ১৬ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে।
গত ১৭ মার্চ থেকে আজ ২৭ জুন সকাল পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ভর্তি হয় ২ হাজার ৩৭৮ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড় পেয়েছে ২ হাজার ২২৬ শিশু, মৃত্যু হয়েছে ৫৮ শিশুর। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৯৬ শিশু।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে হাম উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে।তাদের চিকিৎসায় হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সেখানে ৩টি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে।
সময়ের আলো/মহু