ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পূর্বশত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার বড়ভাগ গ্রামের পূর্বপাড়া উকিলের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সুমন শেখ উপজেলার বড়ভাগ গ্রামের আলাউদ্দিন শেখের ছোট ছেলে। তিনি পার্শ্ববর্তী গোপালগঞ্জের কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই শামীম শেখ বলেন, ‘হুসাইন শেখদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। কয়েক দিন আগেও তারা আমার ভাইকে মারধর করেছিল। শুক্রবার বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, সুমন শেখকে কুপিয়ে আহত করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়িতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সময়ের আলো/এসএকে