চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই প্রবাসী যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার (২৬ জুন) পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম ঘটনাটি ঘটে মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি এলাকায়। সেখান থেকে মো. বাবর (২৮) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মনোয়ারের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, কিছুদিন ধরে পারিবারিক কলহের কারণে তিনি মানসিকভাবে অস্থির ছিলেন।
একইদিন কয়েক ঘণ্টা পর মরিয়মনগর ইউনিয়নের ফুলগাজীপাড়া এলাকায় কর্ণফুলী নদীর চরের একটি গাছ থেকে মোহাম্মদ তানভির হোসেন (৩০) নামে আরেক প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়।
স্বজনদের দাবি, মৃত্যুর আগে তানভির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং বিদায় জানান। স্ট্যাটাসটি দেখে পরিচিতজনেরা খোঁজ নিতে শুরু করলেও এরই মধ্যে ঘটনাটি ঘটে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য, দুই যুবকই সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। কোরবানির ঈদের ছুটিতে দেশে এসে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। তাদের এমন আকস্মিক মৃত্যু পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, পৃথক দুটি ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
সময়ের আলো/জোই