মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, সফরকালে দেশের স্বার্থের পক্ষে কথা বলার পাশাপাশি সেই স্বার্থ রক্ষার সর্বোচ্চ চেষ্টা করেছেন।
শনিবার (২৭ জুন) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৬তম কার্যদিবসে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এর আগে ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফরের অভূতপূর্ব সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে জাতীয় সংসদে উত্থাপিত একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অধিবেশনের শুরুতে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবটি উত্থাপন করেন।
ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ার পর বিরোধী দলসহ সংসদের সব সদস্যকে কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব সরকারকে দিয়েছে। বিএনপির অবস্থান থেকে দীর্ঘদিন ধরে ‘বাংলাদেশ ফাস্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান ব্যবহার করা হয় এবং তিনি সেই নীতিকে সামনে রেখেই দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।
তারেক রহমান বলেন, নিজের অবস্থান থেকে তিনি দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছেন এবং সেই স্বার্থ সংরক্ষণের চেষ্টা করেছেন। এতে কোনো ব্যক্তিগত বিষয় জড়িত ছিল না। সফরের মাধ্যমে যদি কোনো ইতিবাচক অর্জন হয়ে থাকে, তবে সেটি ব্যক্তি নয়, বাংলাদেশের অর্জন।
বিরোধী দলীয় নেতাসহ সংসদের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে বিরোধী দলীয় নেতা দেশের ও জনগণের স্বার্থে কাজ করার জন্য তাকে উৎসাহ দিয়েছেন। এজন্য তিনি ব্যক্তিগতভাবে বিরোধী দলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।
সময়ের আলো/আরবিএন