
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী সামনে রেখে বিশেষ স্মারক সংস্করণের একটি পাসপোর্টের নকশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৬ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি নতুন পাসপোর্টের একটি নমুনা প্রকাশ করেন।
পোস্টে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট, যেখানে লেখা আছে- স্বাগতম, ভালো থাকবেন!’ প্রকাশিত নমুনায় একটি পাতায় রেজোলিউট ডেস্কের সামনে ট্রাম্পের প্রতিকৃতি দেখা যায়। একই পাতার পেছনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল লেখা এবং নিচে ট্রাম্পের স্বাক্ষর সংযুক্ত রয়েছে। বিপরীত পাতায় স্থান পেয়েছে শিল্পী জন ট্রাম্বুলের বিখ্যাত চিত্রকর্ম ‘দ্য ডিক্লারেশন অব ইন্ডিপেনডেন্স’।
এ বিষয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পাসপোর্টে ব্যবহৃত ট্রাম্পের প্রতিকৃতিটি সম্ভবত স্মিথসোনিয়ান ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিতে সংরক্ষিত তার সরকারি প্রতিকৃতির ভিত্তিতে তৈরি। এটি চলতি বছরের শুরুতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট প্রকাশ করা নকশার সঙ্গে মিল নয়।
পরে হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্ট থেকেও একই নকশার ছবি প্রকাশ করা হয়। সেখানে ক্যাপশনে লেখা হয়, যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উপলক্ষে নতুন মার্কিন পাসপোর্ট।
তবে প্রকাশিত ছবিটিই স্মারক পাসপোর্টের আনুষ্ঠানিক নকশা কি না এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউস বিষয়টি স্টেট ডিপার্টমেন্টের ওপর ছেড়ে দেয়। এ বিষয়ে মন্তব্য জানতে স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।
চলতি বছরের এপ্রিল মাসে প্রথম সীমিত সংস্করণের এই স্মারক পাসপোর্টের ঘোষণা দেওয়া হয়। তখন জানানো হয়েছিল, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর প্রচ্ছদ ও ভেতরের পাতায় বিশেষ শিল্পকর্ম এবং উন্নত মানের চিত্র সংযোজন করা হবে।
সে সময় এক কর্মকর্তা জানিয়েছিলেন, পাসপোর্টটি প্রস্তুত হলে ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সিতে সরাসরি নবায়নকারীদের জন্য এটি ডিফল্ট সংস্করণ হিসেবে দেওয়া হবে। তবে অনলাইনে আবেদনকারী বা অন্য কেন্দ্র থেকে আবেদনকারীরা বর্তমান নকশার পাসপোর্টই পাবেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রের পাসপোর্টের ভেতরের প্রথম পাতায় শিল্পী পার্সি মোরানের আঁকা ফ্রান্সিস স্কট কী-কে নিয়ে একটি চিত্র রয়েছে, যেখানে ফোর্ট ম্যাকহেনরি যুদ্ধের পরের সকালের দৃশ্য তুলে ধরা হয়েছে। ওই যুদ্ধ থেকেই যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের অনুপ্রেরণা এসেছে এবং পাসপোর্টে সেই সংগীতের কিছু লাইনও মুদ্রিত রয়েছে।
সময়ের আলো/আরবিএন