যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ডিজিটাল পরিষেবা কর আরোপ করলে সংশ্লিষ্ট ইউরোপীয় দেশগুলোর রপ্তানি পণ্যে ১০০ শতাংশ আমদানি শুল্ক বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইউরোপের কয়েকটি দেশ নতুন করে ডিজিটাল পরিষেবা কর চালুর পরিকল্পনা করছে, আবার কিছু দেশ তা কার্যকরের শেষ পর্যায়ে রয়েছে। তিনি সতর্ক করে বলেন, কোনো দেশ এ ধরনের কর আরোপ করলে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ওই দেশের সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। একই সঙ্গে বিদ্যমান সব দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিকেও বাতিল হিসেবে বিবেচনা করা হবে।
বর্তমানে যুক্তরাজ্যে বড় সার্চ ইঞ্জিন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন মার্কেটপ্লেসের ওপর ২ শতাংশ ডিজিটাল পরিষেবা কর কার্যকর রয়েছে। এ করের আওতায় রয়েছে অ্যাপল, গুগল, মেটা ও আমাজনের মতো বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান। ব্রিটিশ ট্রেজারির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে এই খাত থেকে ৮০ কোটি পাউন্ডের বেশি রাজস্ব আদায় হয়েছে।
শুধু যুক্তরাজ্য নয়, ফ্রান্স, ইতালি ও স্পেনও বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর ৩ শতাংশ ডিজিটাল পরিষেবা কর আরোপ করেছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের আরও কয়েকটি দেশ একই ধরনের কর চালু করেছে অথবা তা কার্যকরের প্রস্তুতি নিচ্ছে।
এর আগেও ট্রাম্প অভিযোগ করেছিলেন, ইউরোপীয় দেশগুলো বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করেই অন্যায্যভাবে এ ধরনের কর আরোপ করছে। চলতি বছরের এপ্রিলেও তিনি একই ইস্যুতে যুক্তরাজ্যের ওপর বড় ধরনের শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়ন আগেই জানিয়ে দিয়েছে, তাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হলে তারা দ্রুত সমপরিমাণ পাল্টা ব্যবস্থা নেবে।
সময়ের আলো/আরবিএন