মাঠে গড়াল ইংল্যান্ড–পানামা ও ক্রোয়েশিয়া–ঘানা ম্যাচ

খেলা

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে

2026-06-28T03:10:33+00:00
2026-06-28T03:10:33+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
খেলা
মাঠে গড়াল ইংল্যান্ড–পানামা ও ক্রোয়েশিয়া–ঘানা ম্যাচ
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৩:১০ এএম 
ইংল্যান্ড–পানামা ম্যাচের চিত্র। সংগৃহীত ছবি
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে মাঠে গড়িয়েছে ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। বিশ্বমঞ্চের এই হাইভোল্টেজ লড়াইয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড ও পানামা এবং অন্য ম্যাচে মুখোমুখি হয়েছে ক্রোয়েশিয়া ও ঘানা। 

পানামার বিপক্ষে আজ মাঠে নামার আগেই অবশ্য নকআউট পর্ব তথা শেষ ৩২–এ জায়গা নিশ্চিত হয়ে গেছে থ্রি লায়ন্সদের। প্রথম দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে থমাস টুখেলের শিষ্যরা। বৈশ্বিক এই টুর্নামেন্টের নতুন নিয়ম অনুযায়ী, আটটি সেরা তৃতীয় স্থানধারী দলের একটি হিসেবে অন্তত নকআউট পর্বে ওঠা নিশ্চিত ইংলিশদের। 

শনিবার স্পেনের কাছে উরুগুয়ের হারের পরই মূলত আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডের শেষ ৩২–এর টিকিট নিশ্চিত হয়। বর্তমানে সুইডেন, ইকুয়েডর, বসনিয়া-হার্জেগোভিনা ও প্যারাগুয়ের পয়েন্টও ৪ হলেও ইংল্যান্ডের গ্রুপসহ এখনো চারটি গ্রুপের খেলা বাকি রয়েছে।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪–২ গোলে উড়িয়ে দিয়ে দারুণ সূচনা করেছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয় ম্যাচে ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয় তাদের। আজ তলানির দল পানামাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের রাউন্ডে যেতে চায় টুখেলের দল। 

অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে পানামার। গ্রুপের অন্য ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে আফ্রিকান পরাশক্তি ঘানা। আজ তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, যাদের জন্য এই ম্যাচে কেবল একটি ড্র-ই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার জন্য যথেষ্ট।


আজকের ম্যাচে ফুটবলপ্রেমীদের আলাদা নজর থাকবে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের ওপর। পানামার বিপক্ষে ম্যাচে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে এককভাবে সর্বোচ্চ গোলের মালিক হয়ে যাওয়ার এক অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন এই স্ট্রাইকার। ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপে খেলা কিংবদন্তি গ্যারি লিনেকারের গোলসংখ্যা ১০টি। 

চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে লিনেকারকে ছুঁয়ে ফেলেন কেইন। আজ পানামার জালে আর একটি বল জড়াতে পারলেই লিনেকারকে টপকে বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডের সর্বকালের সেরা গোলদাতা হয়ে যাবেন তিনি।

এই গুরুত্বপূর্ণ ম্যাচে পানামার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড। থমাস টুখেলের ঘোষিত একাদশে গোলবারের নিচে আছেন জর্ডান পিকফোর্ড। রক্ষণভাগে জ্যারেল কোয়ানসা, এজরি কনসা এবং মার্ক গেহির পাশাপাশি মাঝমাঠ ও আক্রমণভাগ সামলানোর দায়িত্বে আছেন নিকো ও'রাইলি, এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহাম, মরগান রজার্স, বুকায়ো সাকা, মার্কাস রাশফোর্ড এবং অধিনায়ক হ্যারি কেইন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   মাঠ  ইংল্যান্ড–পানামা  ক্রোয়েশিয়া–ঘানা  ম্যাচ  বিশ্বকাপ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: