গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, তবে এই ম্যাচে পরিচিত একাদশ দেখা যাবে না। শেষ বত্রিশ নিশ্চিত হয়ে যাওয়ায় কোচ লিওনেল স্কালোনি দলের মূল তারকাদের বিশ্রাম দিয়ে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দেওয়ার কৌশল নিয়েছেন। ফলে প্রথম একাদশে এসেছে বড় ধরনের পরিবর্তন।
রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে গ্রুপ ‘জে’-এর ম্যাচটি।
এর আগে, প্রথম দুই ম্যাচে অস্ট্রিয়া ও আলজেরিয়াকে হারিয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে আগেই গ্রুপসেরা হিসেবে নকআউট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাই জর্ডানের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য মূলত প্রস্তুতি ও স্কোয়াড মূল্যায়নের সুযোগ।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি জানিয়েছেন, অধিনায়ক লিওনেল মেসিকে শুরু থেকেই মাঠে নামানো হবে না। নকআউট পর্বকে সামনে রেখে তাকে বিশ্রামে রাখা হচ্ছে। প্রয়োজনে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী এই তারকাকে।
আরও পড়ুন
যদিও দলে একাধিক পরিবর্তন এসেছে, গোলবারের নিচে আস্থা রাখা হয়েছে এমিলিয়ানো মার্তিনেজের ওপর। টানা দুই ম্যাচে ক্লিন শিট রাখা এই গোলরক্ষকই আজও শুরুর একাদশে থাকছেন।
রক্ষণভাগে নজর থাকবে জুলিয়ানো সিমেওনের দিকে। প্রথম একাদশে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণের বড় মঞ্চ পাচ্ছেন তিনি। তার সঙ্গে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগলিয়াফিকো রক্ষণ সামলাবেন।
মাঝমাঠেও দেখা যাবে নতুন সমন্বয়। চলতি আসরে প্রথমবারের মতো একাদশে সুযোগ পাচ্ছেন জিওভান্নি লো সেলসো। তার সঙ্গে থাকবেন এক্সেকিয়েল পালাসিওস ও লিয়ান্দ্রো পারেদেস। পারেদেস একটি হলুদ কার্ড নিয়ে খেললেও স্কালোনি তাকে শুরুর একাদশেই রেখেছেন। সৃজনশীল দায়িত্ব পালন করবেন তরুণ নিকোলাস পাজ।
আক্রমণভাগে গোলের দায়িত্ব থাকছে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের কাঁধে। নিয়মিত প্রথম পছন্দের আক্রমণভাগে পরিবর্তন এনে এই জুটিকেই পরীক্ষা করে দেখবেন আর্জেন্টাইন কোচ।
জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ : এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), জুলিয়ানো সিমেওনে, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকিয়েল পালাসিওস, জিওভান্নি লো সেলসো, নিকোলাস পাজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।
এএডি/