অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রাম দিয়ে ম্যাচ শুরু করেছিল আর্জেন্টিনা। তবে তার অনুপস্থিতিতেও দলের আক্রমণভাগ ছিল ধারালো। পরে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে নিজের স্বাক্ষর রেখে যান মেসি। দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে নতুন এক রেকর্ডও নিজের নামে লিখে নেন এই আর্জেন্টাইন মহাতারকা।
রোববার (২৮ জুন) গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের হয়ে গোল করেন জিওভান্নি লো সেলসো, লাউতারো মার্তিনেজ এবং লিওনেল মেসি। জর্ডানের হয়ে একমাত্র গোলটি করেন মুসা আল তামারি।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। অষ্টম মিনিটেই বল জালে পাঠিয়েছিলেন লো সেলসো, কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৯তম মিনিটে বক্সের বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে দারুণ শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন এই মিডফিল্ডার।
আরও পড়ুন
প্রথম গোলের পর আক্রমণের গতি আরও বাড়ায় আর্জেন্টিনা। ৩১তম মিনিটে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে লাউতারো মার্তিনেজ সহজেই ব্যবধান ২-০ করেন। এই স্কোরলাইন নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে জর্ডান কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। ৫৬তম মিনিটে এহসান হাদ্দাদের পাস থেকে দুর্দান্ত ফিনিশে গোল করে ব্যবধান কমান মুসা আল তামারি। এতে কিছু সময়ের জন্য ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি হয়।
এরপর ম্যাচের ৬১তম মিনিটে লিওনেল মেসিকে মাঠে নামান কোচ লিওনেল স্কালোনি। বদলি হিসেবে নেমেই ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রথম ফ্রি-কিকটি লক্ষ্যে রাখতে না পারলেও ৮০তম মিনিটে আর ভুল করেননি। নিজের আদায় করা ফ্রি-কিক থেকে নিচু শটে জর্ডানের জালে বল পাঠিয়ে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন তিনি।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে এই রেকর্ডের মালিক এখন একমাত্র তিনিই।
ম্যাচের শেষদিকে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও স্কোরলাইন আর পরিবর্তন হয়নি। নির্ধারিত সময় শেষে ৩-১ ব্যবধানে জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করে আর্জেন্টিনা।
এএডি/